Lawyer Blackmailed: ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে আইনজীবীকে ব্ল্যাকমেল! গ্রেফতার বাঙালি তরুণী
প্রিয়াঙ্কা প্রথমে ওই আইনজীবীকে প্রেমের ফাঁদে ফেলেন এবং সুকৌশলে তাঁদের কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে রাখেন।
Truth of Bengal: প্রেমের ফাঁদ পেতে আইনজীবীকে ব্ল্যাকমেল করার অভিযোগে দিল্লি থেকে গ্রেফতার হলেন পশ্চিমবঙ্গের এক তরুণী ও তাঁর সঙ্গী। ধৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা এবং তাঁর সহযোগীর নাম কমল সিং। রাজস্থানের এক আইনজীবীকে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও দেখিয়ে ৪০ লক্ষ টাকা দাবি করার অভিযোগে পুলিশ তাঁদের জালে তুলেছে। ধৃত প্রিয়াঙ্কা আদতে বাংলার বাসিন্দা হলেও কাজের সূত্রে তিনি দিল্লিতে বসবাস করছিলেন বলে জানা গিয়েছে।
ঘটনার সূত্রপাত ওই আইনজীবীর সঙ্গে প্রিয়াঙ্কার আলাপ হওয়ার পর। অভিযোগ, প্রিয়াঙ্কা প্রথমে ওই আইনজীবীকে প্রেমের ফাঁদে ফেলেন এবং সুকৌশলে তাঁদের কিছু ব্যক্তিগত মুহূর্তের ভিডিও রেকর্ড করে রাখেন। এরপরই শুরু হয় আসল খেলা। সেই অশ্লীল ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে এবং আইনজীবীর বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা মামলা করার হুমকি দিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। মান-সম্মানের ভয়ে প্রথমে ওই আইনজীবী অভিযুক্তদের হাতে ৫০ হাজার টাকা তুলে দিয়েছিলেন।
টাকা পেয়েও ক্ষান্ত হননি প্রিয়াঙ্কা ও তাঁর সঙ্গী। তাঁরা লাগাতার ওই আইনজীবীর ওপর চাপ সৃষ্টি করতে থাকেন এবং মোট ৪০ লক্ষ টাকা দাবি করেন। ক্রমাগত ব্ল্যাকমেলের শিকার হয়ে শেষ পর্যন্ত ওই আইনজীবী পুলিশের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন। অভিযোগ জমা পড়ার পর রাজস্থান পুলিশ একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে অভিযান চালায় এবং শনিবার প্রিয়াঙ্কা ও কমল সিংকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে আইনজীবীর দেওয়া সেই ৫০ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রিয়াঙ্কা ও কমল এর আগে অন্য কাউকেও একইভাবে ফাঁদে ফেলে সর্বস্বান্ত করেছেন কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। ধৃতদের জেরা করে এই মধুচক্র বা ব্ল্যাকমেলিং র্যাকেটের সঙ্গে আর কে কে জড়িত আছে, তা জানার চেষ্টা চলছে।



