রাজ্যের খবর

Kalpataru Festival Kamarpukur: নতুন বছরের ভোরে কল্পতরু উৎসবে ভক্তের ঢল পুণ্যভূমি কামারপুকুরে

উৎসব উপলক্ষে গোটা মঠ চত্বরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণের আদি খড়ের ছাউনি মাটির বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। চলছে পুজোপাঠ।

সৌভিক গোস্বামী, আরামবাগ: নতুন বছরের প্রথমদিন কল্পতরু উৎসবে ভক্তের ঢল ঠাকুর রামকৃষ্ণের জন্মস্থান পুণ্যভূমি কামারপুকুরে। ভোর সাড়ে ৪টেয় মঙ্গলারতির মাধ্যমে পুজোপাঠ শুরু হয়েছে কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনে। ১ জানুয়ারি প্রথম দিনে বেলুড় মঠ, কাশীপুর উদ্যানবাটির পাশাপাশি শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরেও ভক্তের ভিড় চোখে পড়ার মতো। উৎসব উপলক্ষে গোটা মঠ চত্বরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণের আদি খড়ের ছাউনি মাটির বাড়ি সাজিয়ে তোলা হয়েছে। চলছে পুজোপাঠ।

ঠাকুরের কাছে বছরের প্রথম দিন ভক্তরা তাঁদের মনের বাসনা পূর্ণ করতে কামারপুকুরে ভিড় করেছেন। শ্রীরামকৃষ্ণদেব ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন “তোদের চৈতন্য হোক”। ‘কল্পতরু’ কথার অর্থ হল ইন্দ্রলোকের সর্বকামনা পূরণকারী “দেবতরু” অর্থাত্‍ যিনি সহজেই অন্যের ইচ্ছাপূরণ করেন। ১৮৮৬ সালের ১ জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল।
এদিন কল্পতরু রূপে ভক্তদের আর্শীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা। আর সেই থেকে ইংরেজি বছরের প্রথম দিনটি ‘কল্পতরু উত্‍সব’ নামে পরিচিত। কামারপুকুরে ঠাকুরের জন্মস্থান ও কাশীপুরে রামকৃষ্ণ পরমহংসদেব জীবনের শেষদিনগুলি অতিবাহিত করেছিলেন। তাই কাশীপুর উদ্যানবাটীতে ও কামারপুকুরে এই উৎসব মহাসমারোহে পালিত হয়।