দেশ

উড়ানের আগেই চমক! BA টেস্টে ধরা পড়লেন মদ্যপ পাইলট

গত ২৩ ডিসেম্বরের এই চাঞ্চল্যকর ঘটনাটি বুধবার প্রকাশ্যে আসতেই বিমান মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

Truth Of Bengal: সবে যাত্রীরা নিজ নিজ আসনে বসেছেন, বিমান উড়তে আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। ঠিক সেই মুহূর্তেই ভ্যাঙ্কুভার বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে হানা দিল বিমানবন্দর কর্তৃপক্ষ। ব্রেথ অ্যানালাইজার (BA) টেস্টে ব্যর্থ হওয়ায় আটক ওই বিমানের পাইলট। গত ২৩ ডিসেম্বরের এই চাঞ্চল্যকর ঘটনাটি বুধবার প্রকাশ্যে আসতেই বিমান মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

জানা গিয়েছে, বিমানটি কানাডার ভ্যাঙ্কুভার থেকে ভিয়েনা হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল। উড্ডয়নের নির্ধারিত সময় ছিল বিকেল ৩টে। ফ্লাইটে ওঠার আগে ওই পাইলট বিমানবন্দরের একটি ডিউটি ফ্রি শপে গিয়েছিলেন। সেখানে কর্তব্যরত এক কর্মী পাইলটের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় কর্তৃপক্ষকে খবর দেন। সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়ার পর তড়িঘড়ি বিমানে প্রবেশ করে একদল কর্মকর্তা।

বিমানেই পাইলটের ব্রেথ অ্যানালাইজার পরীক্ষা করা হয় এবং তাতে নেতিবাচক ফলাফল (পজিটিভ) আসে। নিয়ম ভঙ্গের অভিযোগে সঙ্গে সঙ্গে তাঁকে নামিয়ে আনা হয়। এই ঘটনায় বিমানটি প্রায় দুই ঘণ্টা দেরিতে ছাড়তে বাধ্য হয়। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। অভিযুক্ত পাইলটকে দুই দিন পর দিল্লিতে ফিরিয়ে আনা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা (DGCA)-কেও বিষয়টি অবগত করা হয়েছে।

সাধারণত আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রীদের মদ পরিবেশন করা হয় বলে টেক-অফের আগে বিএ টেস্ট বাধ্যতামূলক থাকে না, অধিকাংশ ক্ষেত্রে অবতরণের পর পরীক্ষা করা হয়। তবে কোনও সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিমানে তল্লাশি চালানো অস্বাভাবিক নয়। উল্লেখ্য, নিয়ম অনুযায়ী কোনও পাইলট তিনবার এই পরীক্ষায় ব্যর্থ হলে তাঁর লাইসেন্স চিরতরে বাতিল হয়ে যেতে পারে।