খেলা

Don Bradman: নিলামে ব্র্যাডম্যানের ঐতিহাসিক টুপি! ১ টাকায় শুরু দর, আকাশছোঁয়া দামে শেষ হবে লড়াই?

এই ব্যাগি গ্রিনের গুরুত্ব শুধু ব্র্যাডম্যান এটি পরেছিলেন বলেই নয়।

Truth of Bengal: ক্রিকেট ইতিহাসের এক অনন্য ও অমূল্য স্মারক এবার প্রকাশ্য নিলামে উঠতে চলেছে। ১৯৪৭–৪৮ মরশুমে ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে ব্যবহৃত স্যার ডন ব্র্যাডম্যানের ঐতিহাসিক ‘ব্যাগি গ্রিন’ ক্যাপ প্রথমবারের জন্য নিলামে আসছে। সাত দশকেরও বেশি সময় ধরে ব্যক্তিগত মালিকানায় থাকা এই টুপি ক্রিকেট সংগ্রাহকদের কাছে ইতিমধ্যেই ‘হট প্রপার্টি’ হয়ে উঠেছে।এই ব্যাগি গ্রিনের গুরুত্ব শুধু ব্র্যাডম্যান এটি পরেছিলেন বলেই নয়। এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের স্বাধীনতার পর প্রথম বিদেশ সফরের স্মৃতি। ১৯৪৭–৪৮ সালের সেই টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া ৪–০ ব্যবধানে ভারতকে পরাজিত করেছিল। সিরিজ শেষ হওয়ার পর ব্র্যাডম্যান নিজ হাতে এই ক্যাপটি উপহার দেন ভারতীয় দলের অলরাউন্ডার শ্রীরঙ্গ বাসুদেব সোহনিকে। একটি ব্যক্তিগত উপহার হিসেবে টুপিটির এই ইতিহাস তার মূল্য কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।প্রায় ৭৫ বছরেরও বেশি সময় ধরে ক্যাপটি একই পরিবারের কাছে সংরক্ষিত ছিল। এতদিন এটি না কোনও জাদুঘরে প্রদর্শিত হয়েছে, না কখনও প্রকাশ্য নিলামে তোলা হয়েছে। ব্র্যাডম্যানের সময়কার বেশিরভাগ ব্যাগি গ্রিন বর্তমানে মিউজিয়ামে রাখা অথবা কড়া নিরাপত্তায় ব্যক্তিগত সংগ্রহে রয়েছে। সেই দিক থেকে এই ক্যাপের প্রকাশ্য অকশনে আসা ক্রিকেট ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা।

নিলাম সংস্থা ‘লয়েডস অকশনস’-এর প্রতিনিধি লি হেমস জানান,এটি ক্রিকেট ইতিহাসের একেবারে খাঁটি অংশ—একটি স্মারক, যা স্যার ডন ব্র্যাডম্যান নিজে হাতে উপহার দিয়েছিলেন।ব্র্যাডম্যানের যুগে নিয়ম অনুযায়ী প্রতিটি টেস্ট সিরিজে খেলোয়াড়দের নতুন ব্যাগি গ্রিন দেওয়া হত। ফলে প্রতিটি ক্যাপেরই নিজস্ব ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। তার উপর এই নির্দিষ্ট ক্যাপটির সঙ্গে যুক্ত রয়েছে ভারতের ঐতিহাসিক সফর, ব্যক্তিগত উপহার হিসেবে প্রদানের ঘটনা এবং দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন ‘প্রভেন্যান্স’। এসব কারণেই নিলামকারীদের মতে, ক্যাপটি নিয়ে আন্তর্জাতিক সংগ্রাহক, মিউজিয়াম ও ক্রিকেটপ্রেমীদের মধ্যে তীব্র প্রতিযোগিতা দেখা যেতে পারে।

সবচেয়ে চমকপ্রদ বিষয়, এই ঐতিহাসিক নিলামের সূচনা মূল্য রাখা হয়েছে মাত্র এক অস্ট্রেলিয়ান ডলার। তবে বাস্তবে দাম কোথায় গিয়ে দাঁড়াবে, তা নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা। এর আগে ব্র্যাডম্যানের একই সিরিজে ব্যবহৃত একটি ব্যাগি গ্রিন নিলামে বিক্রি হয়েছিল প্রায় ২.৬৩ কোটি টাকায়। সেই নজির মাথায় রাখলে, এবারের ক্যাপও বিশ্ব ক্রিকেট স্মারকের বাজারে বড়সড় আলোড়ন তুলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।