চোটে ছিটকে গেলেও অবসর নয়, তিন ফরম্যাটেই খেলতে চান হ্যাজলেউড
কিছু সমস্যা আছে ঠিকই, কিন্তু এখনও তিন ধরনের ক্রিকেটেই দেশের হয়ে খেলতে চাই। সাম্প্রতিক সময়ে কয়েকটি ম্যাচ মিস করেছি, তবে খেলাটা এখনও উপভোগ করি।
Truth Of Bengal: চোট যেন পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার তারকা পেসার জস হ্যাজলেউডের। শেফিল্ড শিল্ডে বল করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় চলতি অ্যাশেজ সিরিজে আর মাঠে নামা সম্ভব হয়নি তাঁর। তা নিয়ে অবসর জল্পনা শুরু হলেও সেই সব কথায় ইতি টানলেন অজি পেসার নিজেই। স্পষ্ট জানালেন, এখনও তিন ফরম্যাটেই অস্ট্রেলিয়ার হয়ে খেলা চালিয়ে যেতে চান তিনি।হ্যাজলেউড বলেন, শরীর এখনও ধকল নেওয়ার মতো অবস্থায় রয়েছে। কিছু সমস্যা আছে ঠিকই, কিন্তু এখনও তিন ধরনের ক্রিকেটেই দেশের হয়ে খেলতে চাই। সাম্প্রতিক সময়ে কয়েকটি ম্যাচ মিস করেছি, তবে খেলাটা এখনও উপভোগ করি। তাঁর এখন মূল লক্ষ্য আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠা। সেই কারণেই শেষের দুই অ্যাশেজ টেস্টে ঝুঁকি না নিয়ে নিজেকে সরিয়ে রেখেছেন বলে জানান তিনি।
অন্যদিকে, অ্যাডিলেড টেস্টের আগে সুখবর অস্ট্রেলিয়া শিবিরে। পারথ টেস্টে চোট পেয়ে দ্বিতীয় টেস্টে খেলতে না পারা উসমান খোয়াজা নিজেই জানিয়েছেন, তিনি এখন ১০০ শতাংশ সুস্থ এবং তৃতীয় টেস্টে খেলার জন্য প্রস্তুত। ৩৯ বছরের অভিজ্ঞ ওপেনার বলেন, এখনও খেলাটা উপভোগ করছি। দলের জন্য সেরাটা দিতে পারি বলেই সতীর্থদের ভরসা পাই।বর্তমানে অ্যাশেজে ২–০ এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া।
অ্যাডিলেডে জিতলেই সিরিজ পকেটে পুরবে কামিন্সের দল। এই টেস্টকে সামনে রেখে একাদশ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন ট্র্যাভিস হেড। খোয়াজার অনুপস্থিতিতে পারথ ও ব্রিসবেনে ওপেন করা হেড জানান, ওপেন করতে নামার আলাদা একটা অনুভূতি রয়েছে। মজা করে তিনি বলেন, একা একা ক্রিজ পর্যন্ত হাঁটতে যাওয়াটা ওপেনিংয়ে হয় না, সেটা একটু মিস করি।সব মিলিয়ে অ্যাডিলেড টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবিরে একদিকে যেমন চোট-আশঙ্কা, অন্যদিকে তেমনই সিরিজ জয়ের আত্মবিশ্বাসও তুঙ্গে।


