ডে-নাইট টেস্টে নজির গড়লেন লাবুশেন, অ্যাশেজে ছন্দে অজিরা
শুক্রবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে দিন-রাতের টেস্টে ১০০০ রান পূর্ণ করলেন মার্নাস লাবুশেন।
Truth Of Bengal: ব্রিসবেনে দিন-রাতের দ্বিতীয় অ্যাশেজ টেস্টে ধীরে ধীরে দাপট বাড়াচ্ছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের নৈশভোজের বিরতিতে স্মিথদের ৩ উইকেটে ২২৮ রান। ইংল্যান্ডের থেকে এখনও ১০৬ রানে পিছিয়ে থাকলেও ম্যাচের চিত্র ক্রমশ অজিদের পক্ষে ঝুঁকছে। শুক্রবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে দিন-রাতের টেস্টে ১০০০ রান পূর্ণ করলেন মার্নাস লাবুশেন।
তাঁর ৭৮ বলে ৬৫ রানের ইনিংস অস্ট্রেলিয়ার রান তোলার গতি আরও বাড়িয়েছে।পার্থ টেস্টের মতো এ দিনও অজিদের ইনিংস শুরু করেন ট্রেভিস হেড। যদিও আগের মতো আগ্রাসী ছিলেন না, তবুও তিনি ৪৩ বলে ৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলে দলের শুরুটা মজবুত করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি চার ও ১টি ছয়।ওয়েদারাল্ড ও লাবুশেন গোলাপি বলের টেস্টে প্রায় টি-টোয়েন্টির ছন্দে ব্যাট করেন।
ইংল্যান্ডের ‘বাজবল’ কৌশলকে কড়া জবাব দিয়েছেন তাঁরা।ওয়েদারাল্ড ৭৮ বলে ৭২ রান, ১২টি চার, ১টি ছয় করেন। সেইসঙ্গে লাবুশেন ৭৮ বলে ৬৫ রান। ইংল্যান্ডের বোলাররা—স্টোকস, কার্স, উইল জ্যাকস—কেউই অজি ব্যাটারদের আগ্রাসন থামাতে পারেননি। শুরুতে কিছুটা চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুধু জফ্রা আর্চার। নৈশভোজের সময় অপরাজিত ছিলেন স্টিভ স্মিথ (২৪) ও ক্যামেরন গ্রিন (২২)। ফলে তৃতীয় দিনের শুরুতেই অস্ট্রেলিয়া লিডের লক্ষ্যেই ঝাঁপাবে।
এর আগে ইংল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৩৩৪ রান।অপরাজিত জো রুট খেলেন অসাধারণ ১৩৮ রানের ইনিংস (১৫টি চার, ১টি ছয়)। শেষ উইকেটে আর্চারের সঙ্গে ৭০ রানের পার্টনারশিপ গড়ে দলকে তিনশো পেরোতে সাহায্য করেন তিনি।জফ্রা আর্চারও একাই খেলে দ্রুত ৩৬ বলে ৩৮ রান করেন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৭৫ রানে ৬ উইকেট নেন।






