রাজ্যের খবর

Shantipur College: জাল মার্কশিট দিয়ে ভর্তির আবেদন! শান্তিপুর কলেজে চার ছাত্রের নাম বাতিল

কলেজ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরে শান্তিপুর কলেজে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া চলছিল। সেই সময় ছ’জন আবেদনকারীর মার্কশিট নিয়ে সন্দেহ  তৈরি  হয় কলেজ কর্তৃপক্ষের।

মাধব দেবনাথ,নদিয়া: জাল মার্কশিট দিয়ে প্রথম বর্ষে ভর্তির আবেদন। চার ছাত্রর নাম বাতিল করল কলেজ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর কলেজে। এই ঘটনায় কলেজ গেটের সামনে সেই চারজনের নাম-সহ একটি নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। এরপরেই কলেজ ক্যাম্পাসে শুরু হয় বিতর্ক । কলেজ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস ধরে শান্তিপুর কলেজে প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া চলছিল। সেই সময় ছ’জন আবেদনকারীর মার্কশিট নিয়ে সন্দেহ  তৈরি  হয় কলেজ কর্তৃপক্ষের। উচ্চশিক্ষা দফতরের মার্কশিটের বিবরণ পাঠানো হলে তারা জানায়  ছ’জনের মধ্যে চারজনের মার্কশিট সম্পূর্ণ অবৈধ।এরপরই কলেজ গেটের সামনে নোটিশ টাঙিয়ে বলা হয় সুকান্ত দাস, নয়ন মজুমদার, সাগর মল্লিক এবং রাজা পাল অবৈধ রেজাল্ট দিয়ে ভর্তি আবেদন করেছিলেন এবং সেই কারণে তাঁদের ভর্তি প্রক্রিয়া বাতিল করা হল।

ওই নোটিশ প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় ওঠে। তৃণমূল ছাত্র পরিষদের এক গোষ্ঠীর দাবি, নোটিশটি নকল, এটি কলেজ কর্তৃপক্ষের জারি করা নয়। শান্তিপুর কলেজের টিএমসিপি প্রতিনিধি লালন শেখ জানান,কলেজবিরোধী ছাত্ররাই নোটিশটি টাঙিয়েছে। এর কোনও বৈধতা নেই। প্রয়োজনে আমরা আইনের দ্বারস্থ হব। অভিযুক্তদের মধ্যে রাজা পাল জানান, তাঁর রেজাল্ট সম্পূর্ণ বৈধ এবং কেন এমন নোটিশ প্রকাশ করা হল, সে বিষয়ে কলেজই জবাব দিতে পারবে।

অন্যদিকে টিএমসিপি-এর অপর গোষ্ঠীর দাবি, নোটিশটি একেবারে বৈধ এবং কলেজ কর্তৃপক্ষই এটি দিয়েছেন। সংগঠনের সহ-সভাপতি মামান শেখ বলেন,কলেজ কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। ৪৫ বছরের একজন ব্যক্তি কীভাবে প্রথম বর্ষে ভর্তি হতে পারেন? তাঁর নামে রয়েছে ৪৫টি মামলা। যারা নোটিশ নিয়ে প্রশ্ন তুলছে, তারাই বরং বিজেপি করে।এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

Related Articles