উলুবেড়িয়ার বহিরায় দুর্ঘটনা, পুকুরে স্কুল গাড়ি পড়ে মৃত ৩ পড়ুয়া
বহিরা শ্মশানতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়।
Truth Of Bengal: অন্যদিনের মতো ফিরছিল পুলকারটি। গাড়ির মধ্যে হইচই করছিল পড়ুয়ারা। কিন্তু, কার জানা ছিল যে পরিণতি কি অপেক্ষা করে আছে। উলুবেড়িয়ায় ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। উলুবেড়িয়ার বহিরায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল একটি পুলকার। মৃত ৩ পড়ুয়া, আহত ২। সোমবার বিকেল নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার বহিরা শ্মশানতলায় ওই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় পুলকারটি। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল আনুমানিক সাড়ে তিনটে নাগাদ হাওড়ার জগদীশপুরের একটি বেসরকারি কিন্ডারগার্ডেন স্কুল থেকে ৫ স্কুল পড়ুয়াকে নিয়ে পুলকারটি বহিরা দাসপাড়ার দিকে যাওয়ার সময় ওই দুর্ঘটনা ঘটে।
বহিরা শ্মশানতলার কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই গাড়ির ভিতর থেকে আহতদের উদ্ধার করে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই ছাত্রের চিকিৎসা চলছে। পুলিশি সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার ওই দুর্ঘটনায় মৃতেরা হল সৌভিক দাস (১১), ঈশিকা মণ্ডল (৭) ও আরিন দাস (৯)। মৃত্যু তিন খুদে পড়ুয়া এলাকারই বাসিন্দা। দুর্ঘটনার পর বিকেলে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে আসেন মন্ত্রী পুলক রায়। মৃত পড়ুয়াদের পরিবারকে সান্ত্বনা দেন। পাশাপাশি, পরিবারের সঙ্গে কথাও বলেন।
দুর্ঘটনার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে পুকুরে নেমে গাড়ির ভেতর থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দুই পড়ুয়া গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, গাড়িটিকে আটক করে পুলকার চালককে গ্রেফতার করা হয়েছে। পুলকারটির বৈধ কাগজপত্র ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এলাকার লোকজন জানিয়েছেন, হঠাৎ একটি জোরে শব্দ। জলের মধ্যে বিশাল বড় আকৃতির কিছু একটা পড়ে যাওয়ার শব্দ। আচমকা এই শব্দে এলাকার মানুষ ও পথচারীরা কিছু বুঝে ওঠার আগেই তরতাজা তিনটি প্রাণ তখন শেষ। আকস্মিকতা কাটিয়ে দেখা যায়, পড়ুয়া বোঝাই একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে পরে যায় পুকুরে। চারিদিকে হইচইয়ের শব্দে তখন আতঙ্ক আর উৎকন্ঠার আর এক নাম হাওড়ার উলুবেড়িয়ার বহিরা অঞ্চলের শ্মশানতলা এলাকা। চিৎকার, আর্তনাদের পর এলাকা নিস্তব্ধ হয়ে ওঠে। তিন শিশুর এই ভাবে চলে যাওয়ায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
দুর্ঘটনার পরই উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব, উলুবেড়িয়া ১ নম্বর ব্লকের বিডিও এইচএম রিয়াজুল হক ঘটনাস্থলে পৌঁছন। কেন এই দুর্ঘটনা? এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি গাড়ির সঙ্গে রেষারাষি করছিল ওই পুলকারটি। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুল থেকে ফেরার পথে যে ভাবে তিনটি প্রাণ চলে গেল, তাতে ওই পরিবারগুলির পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।






