Best Winter Sports: শীতকালীন ছুটিতে অ্যাডভেঞ্চারের খোঁজে গেলে কোথায় যাবেন?
অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং উইন্টার অ্যাক্টিভিটির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বহুগুণ।
Truth of Bengal: অবকাশের আনন্দ দ্বিগুণ করতে শীতকালে ভ্রমণপিপাসুদের ভিড় বাড়ে ভারতের বিভিন্ন প্রান্তে। এই সময়ে সাধারণত ছাত্রছাত্রীদের পরীক্ষাও শেষ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে ঘোরার মজা আরও বেড়ে যায়। তবে আজকাল আর শুধু প্রকৃতির শোভা দেখেই ভ্রমণ শেষ হয় না, বরং অ্যাডভেঞ্চার স্পোর্টস এবং উইন্টার অ্যাক্টিভিটির প্রতি মানুষের আগ্রহ বেড়েছে বহুগুণ। বিশেষ করে তরুণ প্রজন্ম এই ধরণের অভিজ্ঞতার সন্ধানে থাকে। ভারতের এমন কিছু স্থান রয়েছে, যেখানে ঘুরতে গেলে পাওয়া যাবে সেরা উইন্টার অ্যাক্টিভিটির সুযোগ।
ভারতের সেরা উইন্টার স্পোর্টসের ঠিকানাগুলির মধ্যে প্রথমেই আসে হিমাচল প্রদেশের মানালি। প্রাণবন্ত পরিবেশ আর বরফের চাদরে মোড়া এই শহর উইন্টার অ্যাক্টিভিটির জন্য বিখ্যাত। এখানকার সোলাং ভ্যালিতে পর্যটকরা স্কিইং, স্নোবোর্ডিং, স্নোমোবিলিং, টিউব স্লাইডিং এবং এটিভি ট্রিপের মতো একাধিক রোমাঞ্চকর স্পোর্টসে অংশ নিতে পারেন।
অন্যদিকে, জম্মু ও কাশ্মীরের গুলমার্গের প্রাকৃতিক সৌন্দর্য বরাবরই পর্যটকদের মুগ্ধ করে। বিস্তীর্ণ তৃণভূমি এবং পাইন গাছের ওপর বরফের আস্তরণ এক মায়াবী দৃশ্যের সৃষ্টি করে। অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য এখানে রয়েছে স্লেজিং, স্নোবোর্ডিং এবং হেলি-স্কিইং-এর মতো বিশেষ আকর্ষণ।
যারা নিরিবিলি গ্রাম্য পরিবেশে উইন্টার অ্যাক্টিভিটি উপভোগ করতে চান, তাদের জন্য অরুণাচল প্রদেশের তাওয়াং একটি আদর্শ স্থান। এই অপরূপ গন্তব্যে রয়েছে বৌদ্ধ মঠ, আইস লেক এবং মন ভোলানো প্রাকৃতিক দৃশ্য। এখানে পর্যটকদের জন্য আইস স্কেটিং এবং স্নো হাইকিং-এর সুযোগ রয়েছে।
উত্তরাখণ্ডের আউলি আরেকটি জনপ্রিয় উইন্টার স্পোর্টস গন্তব্য। ওক এবং দেবদারু গাছের জঙ্গলে ঘেরা এই স্থানটিতে রয়েছে এশিয়ার অন্যতম উচ্চতম রোপওয়ে। নন্দাদেবী পর্বতের মনোরম দৃশ্য দেখতে দেখতে এখানে সময় কাটানো যায়। রোপওয়ে ছাড়াও আউলিতে নানা ধরণের উইন্টার স্পোর্টস অ্যাক্টিভিটি উপভোগের সুযোগ রয়েছে।
এছাড়াও, সিকিমের ইয়ুমথাং ভ্যালিও উইন্টার স্পোর্টসের জন্য বেশ পরিচিত। এই উপত্যকায় স্নোবোর্ডিং, হাইকিং, স্কিইং এবং উইন্টার ট্রেকিং-এর মতো একাধিক অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা রয়েছে, যা ভ্রমণকে করে তোলে আরও স্মরণীয়।এই সমস্ত জায়গাগুলি শীতকালীন ছুটি কাটানোর জন্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য একগুচ্ছ সুযোগ নিয়ে আসে।






