দশম শ্রেণির ছাত্রের মৃত্যু, স্কুল প্রিন্সিপাল ও তিন শিক্ষকের বিরুদ্ধে মামলা
স্থানীয়দের উদ্যোগে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
Truth Of Bengal: দিল্লির রাজেন্দ্র প্লেস মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল দশম শ্রেণির এক ছাত্র। মাত্র ১৬ বছরের কিশোরের এই মর্মান্তিক মৃত্যুকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কুলের প্রিন্সিপাল ও তিন শিক্ষক তার উপর মানসিক নির্যাতন চালাতেন। আর সেই চাপই তাকে চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে বলে দাবি মৃত ছাত্রের পরিবারের। জানা গিয়েছে, নাটকের ক্লাসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়েছিল ওই ছাত্র। পরে রাজেন্দ্র প্লেস স্টেশনে মেট্রোর সামনে ঝাঁপ দেয় সে।
স্থানীয়দের উদ্যোগে তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।পুলিশ ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে ছাত্রটি লিখেছে, সরি মা, এতবার তোমার মন ভেঙেছি।এই শেষ বার ভাঙছি। স্কুলের শিক্ষকরা খুব খারাপ। ওদের জন্যই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। সুইসাইড নোটে শিক্ষক-প্রিন্সিপালের নাম স্পষ্টভাবে উল্লেখ করে কড়া শাস্তির দাবিও জানিয়েছে সে। একই সঙ্গে মৃত্যুর পর তার দেহের যেসব অঙ্গ ভালো থাকে, তা দান করার অনুরোধও করেছে কিশোর।
মৃত ছাত্রের বাবা অভিযোগ জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ছেলের আচরণগত পরিবর্তন ও মানসিক চাপ লক্ষ করছিলেন। এবিষয়ে একাধিকবার স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলেও কোনও ফল হয়নি। উল্টে, সামান্য বিষয়েও তাকে অপমান করা হত। অভিযোগ, নাটকের ক্লাসে পড়ে যাওয়ার পর এক শিক্ষক তাকে চরম হেনস্থা করেন, এমনকি ‘নাটক’ করার অভিযোগে ঠাট্টাও করেন।
কিশোর কাঁদতে শুরু করলে শিক্ষক বলেন, যত খুশি কাঁদো, আমার কিছু যায় আসে না। সে সময় প্রিন্সিপাল উপস্থিত থাকলেও তিনি কোনও হস্তক্ষেপ করেননি বলেও অভিযোগ।ছাত্রের বাবা দাবি করেছেন, গত চার দিন ধরে এক শিক্ষক তার ছেলেকে স্কুল থেকে বের করে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন। সামনে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা থাকার কারণে তাঁরা বড় কোনও পদক্ষেপ নেননি। পরীক্ষা শেষ হলে অন্য স্কুলে ভর্তি করাবেন বলেই ভাবছিলেন। কিন্তু তার আগেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।পুলিশ ইতিমধ্যে প্রিন্সিপাল-সহ তিন শিক্ষকের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা রুজু করেছে।






