অযোধ্যা পাহাড়ে ‘প্রেরণা’ ক্যাম্পের সাফল্য, ৪৩ জনের হাতে তুলে দেওয়া হল শংসাপত্র
সেই প্রশিক্ষণের ফলস্বরূপ বিভিন্ন শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৩ জন প্রার্থী।
Truth Of Bengal: নয়ন কুইরী, পুরুলিয়া: অযোধ্যা পাহাড়ে পুরুলিয়া জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী ‘প্রেরণা’ ক্যাম্প শেষ হল উল্লেখযোগ্য সাফল্য নিয়ে। পাহাড়ি অঞ্চলের আদিবাসী যুবক–যুবতীদের পুলিশ ও সেনাবাহিনীতে চাকরির উপযোগী করে তোলার লক্ষ্যে মোট ৫৬ জনকে দেওয়া হয়েছিল বিশেষ প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণের ফলস্বরূপ বিভিন্ন শারীরিক ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৪৩ জন প্রার্থী।
সোমবার বেলগুমা পুলিশ লাইনের মিটিং হলে এক অনুষ্ঠানের মাধ্যমে সফল প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সংসাপত্র তুলে দেন জেলা পুলিশের কর্তারা। অনুষ্ঠানে ছিল উৎসবের আমেজ, মুখে মুখে সন্তুষ্টি ও ভবিষ্যৎ স্বপ্নের ঝলক।জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, প্রেরণা ক্যাম্পের সাফল্য তাঁদের উৎসাহিত করেছে। আগামী দিনে জেলার বিভিন্ন সাব-ডিভিশনে আরও এ ধরনের বিনামূল্যের প্রশিক্ষণ ক্যাম্প চালু করা হবে, যাতে পাহাড়ি ও প্রত্যন্ত এলাকার আরও বেশি যুবক–যুবতী চাকরির সুযোগ পেতে পারেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত, বাঘমুণ্ডির বিধায়ক সুশান্ত মাহাত, জেলার জেলাশাসকসহ প্রশাসনের বহু গণ্যমান্য ব্যক্তি। তাঁদের উপস্থিতিতে সফল যুবকদের সম্মাননা আরও উজ্জ্বল হয়ে ওঠে।






