ছত্তিশগড় ট্রেন দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১, আর্থিক সহায়তা ঘোষণা সরকারের
তবে দিনের শেষে সাম্প্রতিককালে যেভাবে ট্রেন দুর্ঘটনা বেড়ে চলেছে, তা দেখে আতঙ্কিত যাত্রীরা।
Truth Of Bengal: মঙ্গলবার ছত্তিশগড়ের বিলাসপুরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছিল, তাতে বাড়ল মৃতের সংখ্যা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেই সংখ্যা ১১ বলে খবর। এখানেই শেষ নয়, এই অবধি আহতের সংখ্যা ২০ বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই, এই মুহূর্তে এই বিষয়টি একটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গতকাল দুর্ঘটনার পরই আশঙ্কা করা হচ্ছিল যে বহু মানুষ প্রাণ হারাতে পারেন।
যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এই ব্যাপারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন যে যাঁরা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবারকে দেওয়া হবে ৫ লক্ষ টাকা করে। পাশাপাশি, যাঁরা আহত হয়েছেন, তাঁদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। তবে দিনের শেষে সাম্প্রতিককালে যেভাবে ট্রেন দুর্ঘটনা বেড়ে চলেছে, তা দেখে আতঙ্কিত যাত্রীরা।
উল্লেখ্য, মঙ্গলবার মালগাড়ি ও যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হওয়ায় দুর্ঘটনাটি ঘটে। বিভিন্ন ছবি ও ভিডিওর মাধ্যমে দেখা যায় যে যাত্রীবাহী ট্রেনটির একাংশ উপরে উঠে গিয়েছে। প্রথম কামরাটি তছনছ হয়ে যাওয়ার পাশাপাশি লাইনচ্যুত হয়েছে বেশ কয়েকটি বগি। খবর পাওয়ামাত্রই সেখানে তড়িঘড়ি ছুটে যায় রেলের উদ্ধারকারী দল, আরপিএফ কর্মী এবং স্থানীয় পুলিশ। এরপর টপ অফিসিয়ালরাও তদারকি করতে সেখানে যান। রেলের তরফ থেকে মৃতদের পরিজনদের জন্য ১০ লক্ষ টাকা, গুরুতর জখমদের জন্য ৫ লক্ষ টাকা এবং যাঁরা সামান্য আঘাত পেয়েছেন, তাঁদের জন্য ১ লক্ষ টাকার আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়েছে।






