Maldives: ধূমপানমুক্ত প্রজন্ম তৈরির লক্ষ্যে মালদ্বীপ! ২০০৭ সালের পর জন্ম হলে কেনা বা সেবন করা যাবে না তামাকজাত দ্রব্য
স্বাস্থ্য দফতরের ঘোষণা অনুযায়ী, ২০০৭ সালের ১লা জানুয়ারি বা তার পরে যাঁদের জন্ম, তাঁরা মালদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কোনো পরিস্থিতিতেই তামাকজাত দ্রব্য কেনা, সেবন করা কিংবা বিক্রি করতে পারবেন না।
Truth of Bengal: আগামী প্রজন্মকে ধূমপানের বিপদ থেকে সুরক্ষিত রাখতে যুগান্তকারী পদক্ষেপ নিল মালদ্বীপ সরকার। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে মুইজ্জুর প্রশাসন এমন এক নতুন নিয়ম কার্যকর করেছে, যার ফলে একটি প্রজন্ম চাইলেও আর কোনোদিন তামাকজাত দ্রব্য সেবন করতে পারবে না। শনিবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে দ্বীপরাষ্ট্রটির স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতরের ঘোষণা অনুযায়ী, ২০০৭ সালের ১লা জানুয়ারি বা তার পরে যাঁদের জন্ম, তাঁরা মালদ্বীপের মাটিতে দাঁড়িয়ে কোনো পরিস্থিতিতেই তামাকজাত দ্রব্য কেনা, সেবন করা কিংবা বিক্রি করতে পারবেন না। মুইজ্জুর প্রশাসন জানিয়েছে, এই নতুন সংশোধনী কার্যকর করার প্রধান লক্ষ্য হলো একটি প্রজন্মকে সম্পূর্ণভাবে তামাকজাত দ্রব্য সেবন থেকে মুক্ত করা। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কঠোর নীতি শুধু দেশের নাগরিকদের জন্যই নয়, মালদ্বীপে আগত সমস্ত পর্যটকের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য হবে।
এছাড়াও, প্রশাসন সব বয়সের নাগরিকদের জন্য বৈদ্যুতিক সিগারেটের সেবন, বিক্রি এবং আমদানিকেও সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। যে প্রজন্মটি বর্তমানে সদ্য প্রাপ্তবয়স্ক হয়েছে বা প্রাপ্তবয়স্ক হওয়ার পথে, সাধারণত এই বয়সকালেই ধূমপানের প্রতি আগ্রহ বাড়ে। তাই আগেভাগেই এই কড়া পদক্ষেপ নিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নেশা থেকে দূরে রাখার কৌশল নিয়েছে মালদ্বীপ সরকার।
এই নতুন নিয়ম ভঙ্গ করলে বড় অঙ্কের জরিমানারও বিধান রাখা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ধূমপানের বয়স হয়নি এমন কাউকে কোনো বিক্রেতা যদি তামাকজাত দ্রব্য বিক্রি করেন, তাহলে সেই বিক্রেতাকে ৩ হাজার ২০০ মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা দিতে হবে। অন্যদিকে, কেউ যদি বৈদ্যুতিক সিগারেট নিয়ে ধরা পড়েন, তাঁকে ৫ হাজার রুফিয়া বা ভারতীয় মুদ্রায় প্রায় ২৮ হাজার টাকা জরিমানা দিতে হবে।






