রাজ্যের খবর

দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ, মলানদিঘীতে নতুন রূপে সাজছে অডিটোরিয়াম

স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, অডিটোরিয়ামটি হোক আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ।

Truth Of Bengal: সনাতন গরাই,দুর্গাপুর: দুর্গাপুরের আধুনিক গ্রাম মলানদিঘীতে তৈরি হতে চলেছে এক অত্যাধুনিক অডিটোরিয়াম। রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য ৩৭ লক্ষ টাকা বরাদ্দ করেছেন। প্রায় এক দশক আগে  ২০১৩ সালে   তৎকালীন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রয়াত ডঃ নিখিল বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গড়ে উঠেছিল এলাকাবাসীর বহু প্রতীক্ষিত এই অডিটোরিয়াম। সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তন ও জনবসতির বৃদ্ধি মাথায় রেখে এবার নতুন রূপে সেজে উঠতে চলেছে সেই ভবন।

বর্তমানে মলানদিঘী হয়ে উঠেছে দুর্গাপুরের অন্যতম উন্নত ও আধুনিক গ্রাম। এখানে রয়েছে একটি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, দুটি ইঞ্জিনিয়ারিং কলেজ, উচ্চ বিদ্যালয়, পুলিশ ফাঁড়ি এবং দ্রুত বাড়ছে জনসংখ্যা। সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানে সরগরম থাকে এলাকা, যার কেন্দ্রবিন্দুই এই অডিটোরিয়াম। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ছিল, অডিটোরিয়ামটি হোক আধুনিক ও প্রযুক্তি সমৃদ্ধ। এবার সেই দাবি পূরণে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সংস্কারের পর থাকবে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম, এয়ার কন্ডিশনিং এবং ডিজিটাল স্ক্রিনের ব্যবস্থা।

স্থানীয় বাসিন্দা অনন্তরূপ বন্দ্যোপাধ্যায় বলেন,মন্ত্রী প্রদীপ মজুমদার কথা দিয়ে কথা রেখেছেন। লোকসভা নির্বাচনের আগে তিনি সাংসদ কীর্তি আজাদের সঙ্গে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন অডিটোরিয়াম আধুনিক করার। এখন সেই কাজ শুরু হচ্ছে, আমরা অত্যন্ত খুশি।মলানদিঘী গ্রাম পঞ্চায়েত সদস্য বিভাস ঘোষ জানান,খুব দ্রুত আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আর্থিক সহায়তায় অডিটোরিয়ামটির আধুনিকীকরণ সম্পূর্ণ হবে। ফলে আর সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থান সংকটে পড়তে হবে না স্থানীয়দের।আধুনিক গ্রামে এই অডিটোরিয়াম সংস্কার সম্পূর্ণ হলে দুর্গাপুর মহকুমার সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলেই আশা করছেন এলাকাবাসী।

Related Articles