রাজ্যের খবর

Barackpore: এনআরসি-এসআইআর আতঙ্ক! বারাকপুরে আত্মঘাতী গৃহবধূ

বারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মনসা মন্দির এলাকার কাকলি সরকার (৩৩) নামের ওই মহিলা বৃহস্পতিবার রাতে নিজের ঘরেই এই মর্মান্তিক পথ বেছে নেন।

Truth of Bengal: পানিহাটি এবং বীরভূমের পর এবার বারাকপুরে গায়ে আগুন দিয়ে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বারাকপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মনসা মন্দির এলাকার কাকলি সরকার (৩৩) নামের ওই মহিলা বৃহস্পতিবার রাতে নিজের ঘরেই এই মর্মান্তিক পথ বেছে নেন। পুলিশ সূত্রে জানা গেছে, কাকলি সরকারের সঙ্গে সবুজ সরকারের বিয়ে হয়েছিল প্রায় ১৫ বছর আগে। বাংলাদেশের নবাবগঞ্জ থেকে তিনি ভারতে এসে এখানে সংসার শুরু করেন। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে আত্মহত্যার কারণ নিয়ে পরিবারের পক্ষ থেকে দুই ধরনের দাবি উঠেছে, যা ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে।

মৃতার শাশুড়ির দাবি, সম্প্রতি রাজ্যে এনআরসি (NRC) এবং এসআইআর (SIR) ঘোষণার পর থেকেই কাকলি সরকার তীব্র আতঙ্কে ভুগছিলেন। তিনি বারংবার স্বামীর কাছে বাংলাদেশে ফিরে যাওয়ার কথা বলতেন। তার শাশুড়ির অভিযোগ, এই আতঙ্কই তার পুত্রবধূকে আত্মহননের দিকে ঠেলে দিয়েছে। অন্যদিকে, মৃতের স্বামী সবুজ সরকার জানিয়েছেন, তাদের বাড়িতে বেশ কিছুদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। কাকলি বারবার বাংলাদেশে যাওয়ার কথা বললেও, তিনি স্ত্রীকে আশ্বাস দেন যে ঝগড়া মিটে গেলে তিনি তাকে নিয়ে যাবেন। কিন্তু স্ত্রী সে কথা শুনতে রাজি ছিলেন না। বৃহস্পতিবার রাতে তিনি নিজের গায়ে আগুন দেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এই পরিস্থিতিতে স্থানীয় কাউন্সিলর ঘটনার কথা স্বীকার করলেও এসআইআর বা এনআরসি আতঙ্কের বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, “আমার এলাকায় আত্মহত্যার ঘটনা ঘটেছে। আমি সেখানে গিয়েছিলাম। তবে এসআইআর বা এনআরসি নিয়ে কোনও কথা হয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে।” ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আত্মহত্যার সঠিক কারণ খতিয়ে দেখতে মৃতের স্বামী সবুজ সরকার, শ্বশুর সুরেশ সরকার এবং ভাসুর শান্তি সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। পারিবারিক অশান্তি নাকি নাগরিকত্ব সংক্রান্ত আতঙ্ক—ঠিক কোন কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

Related Articles