আরও কড়া করা হলো অভিবাসন নীতি, নয়া নিয়ম হোমল্যান্ড সিকিউরিটির
শুধু তাই নয়, এই নিয়ম চালু হবে এয়ারপোর্টের পাশাপাশি যেকোনও সীমান্ত পয়েন্টেই।
Truth Of Bengal: দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর অভিবাসন নীতিতে ব্যাপক বদল এনেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে এবার তা আরও কড়া করা হলো। নতুন নিয়ম চালু করা হলো হোমল্যান্ড সিকিউরিটির তরফ থেকে এবং সেই অনুযায়ী যাঁরা বিদেশি নাগরিক, তাঁদের দিতে হবে বায়োমেট্রিক তথ্য ও ছবি মার্কিং বিমানবন্দরে পা রাখার সঙ্গে সঙ্গেই। এখানেই শেষ নয়, এমনকি যাঁদের গ্রিন কার্ড রয়েছে, তাঁরা পর্যন্ত ছাড় পাবেন না। নতুন এই নিয়মটি চালু হবে বড়দিনের পরের দিন থেকে। অর্থাৎ ২৬ ডিসেম্বর থেকে।
জনপ্রিয় সংবাদমাধ্যম ‘গার্ডিয়ান’এর প্রতিবেদন অনুযায়ী, বিদেশীদের প্রবেশ এবং প্রস্থানের সময়ে কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশনের কর্তারা নিয়ে রাখবে তাঁদের ছবি এবং বায়োমেট্রিক। শুধু তাই নয়, এই নিয়ম চালু হবে এয়ারপোর্টের পাশাপাশি যেকোনও সীমান্ত পয়েন্টেই। ট্রাম্প প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, তাঁদের আসল উদ্দেশ্য হল সীমান্তের নিরাপত্তাকে আরও শক্তিশালী করা।
নতুন নিয়মে তুলে নেওয়া হয়েছে ১৪ বছরের কম কিশোর-কিশোরী এবং ৭৯ বছরের বেশি বয়স্ক যাত্রীদের ছাড় দেওয়ার বিষয়টিও। বর্তমানে দেশের অধিকাংশ আন্তর্জাতিক বিমানবন্দরেই যাত্রীদের পরিচয় খতিয়ে দেখে ফেসিয়াল রেকগনিশন দ্বারা কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। ট্রাম্প প্রশাসন শনাক্ত করতে চাইছে অবৈধ অভিবাসীদের এবং তাঁদের মধ্যে যাঁরা মার্কিন মুলকে রয়ে গেছেন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া সত্ত্বেও। আলাদা ডেটাবেস তৈরি করা হবে পর্যটকদের জন্য, যেখানে থাকবে তাঁদের পাসপোর্ট থেকে শুরু করে ছবি ও ভ্রমণের নথিপত্র। এবার যখন তাঁরা পা রাখবেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তখন মিলিয়ে দেখা হবে রিয়াল টাইম ও ডেটাবেসের ছবি।






