কলকাতা

Anannya Hospital: মাত্র ৩৫০ টাকায় প্রখ্যাত ডাক্তার, SSKM-এ চালু হলো ‘বাজেট হাসপাতাল’ ‘অনন্য’

এই 'অনন্য'তে মাত্র সাড়ে তিনশো টাকার বিনিময়ে প্রখ্যাত ও খ্যাতনামা চিকিৎসকদের কাছে আউটডোর পরিষেবা মিলছে।

Truth of Bengal: দীপাবলির পরই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত নতুন ‘বাজেট হাসপাতাল’— ‘অনন্য’ চালু হতেই মধ্যবিত্ত মহলে প্রবল আগ্রহ সৃষ্টি হয়েছে। বুধবার, ২২ অক্টোবর থেকে এসএসকেএম হাসপাতালের প্রাঙ্গণে চালু হওয়া এই ‘অনন্য’তে মাত্র সাড়ে তিনশো টাকার বিনিময়ে প্রখ্যাত ও খ্যাতনামা চিকিৎসকদের কাছে আউটডোর পরিষেবা মিলছে। যেখানে বেসরকারি হাসপাতালে এই ডাক্তারদের ভিজিট সাধারণত দেড় থেকে দু’হাজার টাকা। প্রথম দিনেই এই চিকিৎসাকেন্দ্রে ভিড় ছিল চোখে পড়ার মতো, শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ৪০ জন রোগী আউটডোর পরিষেবা নিয়েছেন।

সাধারণত সরকারি হাসপাতালগুলিতে প্রান্তিক মানুষের ভিড় বেশি থাকে এবং সেখানে আধুনিক চিকিৎসা বিনামূল্যে মেলে। অন্যদিকে, নামী চিকিৎসকদের কাছে যাওয়ার জন্য বেসরকারি হাসপাতালের ফি-এর বোঝা টানতে দ্বিধা করেন মধ্যবিত্তরা। এই দুইয়ের মাঝে একটি ভারসাম্য আনতেই মধ্যবিত্তের কথা ভেবে এসএসকেএম হাসপাতাল প্রাঙ্গণে এই উৎকর্ষ কেন্দ্র ‘অনন্য’ তৈরি করা হয়েছে। আপাতত শুধু আউটডোর পরিষেবা চালু হলেও, নভেম্বরের মাঝামাঝি থেকে ইন্ডোর পরিষেবাও শুরু হবে বলে জানিয়েছেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়। আউটডোর পরিষেবা প্রতিদিন দুপুর ৩টে থেকে রাত ৯টা পর্যন্ত তিনটি স্লটে চলবে: ১. দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ২. বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩. সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা এখানে ইউরোলজি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্ত্রীরোগ বিভাগ, নিউরো সার্জারি, ফিজিক্যাল মেডিসিন, কার্ডিওলজি, জেনারেল মেডিসিনের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে খ্যাতনামা চিকিৎসকরা বসবেন।

বৃহস্পতিবার, প্রথম স্লটে (বিকেল ৩টে থেকে ৫টা) থাকবেন প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা. গোপালকৃষ্ণ ঢালি, জেনারেল মেডিসিনের ডা. নীলাদ্রি সরকার এবং কার্ডিওলজিস্ট ডা. শঙ্করচন্দ্র মণ্ডল। দ্বিতীয় স্লটে (বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা) বসবেন প্রখ্যাত অর্থোপেডিক ডা. মুকুল ভট্টাচার্য, জেনারেল সার্জারির ডা. সিরাজ আহমেদ এবং পালমোনারি মেডিসিনের ডা. অমিতাভ সেনগুপ্ত। প্রতিটি স্লটে তিনটি বিভাগের তিনজন করে চিকিৎসক ওপিডি করবেন। একজন চিকিৎসক একদিনে একটি স্লটেই বসবেন এবং সর্বোচ্চ ১০ জন রোগী দেখবেন। রোগীর ভিজিট ফি ধার্য করা হয়েছে মাত্র ৩৫০ টাকা। এখানে পরিষেবা পদ্ধতি পুরোপুরি বেসরকারি হাসপাতালের মতো। টাকা জমা দিলে কবে, কখন এবং কত নম্বর রোগী হিসাবে ডাক্তার দেখানো যাবে, সেই তথ্য জানিয়ে দেওয়া হবে।

এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রি-বুকিংয়ের মাধ্যমে অগ্রিম স্লট বুক করা সম্ভব। তবে সেক্ষেত্রে ডাক্তার দেখানোর দিনের ২৪ ঘণ্টা আগে সশরীরে এসে টাকা জমা দিতে হবে। আপাতত অনলাইন বা ইউপিআই পেমেন্টের ব্যবস্থা চালু হয়নি। অগ্রিম বুকিং না করেও আউটডোর চলাকালীন সরাসরি ‘অনন্য’তে গিয়ে টাকা জমা দিয়েও ডাক্তার দেখানো যাবে। যেকোনো তথ্যের জন্য সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে (০৩৩) ২২০৪-১৯৩১ নম্বরে ফোন করা যাবে। আউটডোরে দেখানোর পর যদি রোগীর হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়, তবে তিনি আর্থিক সামর্থ্য অনুযায়ী হাসপাতালের পুরনো উডবার্ন অথবা ‘অনন্য’-এর মধ্য থেকে বেড বেছে নেওয়ার সুযোগ পাবেন।

Related Articles