আন্তর্জাতিক

Ontario: ভারতীয় সিনেমা হল লক্ষ্য করে এক সপ্তাহে দু’বার হামলা, বন্ধ প্রদর্শনী

প্রথম হামলাটি হয় ২৫ সেপ্টেম্বর ভোরে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দু'জন একটি গ্যাস ক্যানের সাহায্যে হলের গেটে আগুন ধরিয়েছিল।

Truth of Bengal: কানাডার অন্টারিওতে ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনী কেন্দ্র করে তৈরি হয়েছে চরম উত্তেজনা। একটি সিনেমা হলকে লক্ষ্য করে মাত্র এক সপ্তাহের মধ্যে দু’বার হামলা চালানো হয়েছে— প্রথমে অগ্নিসংযোগ এবং পরে গুলি চালনার ঘটনায় কর্তৃপক্ষ ভারতীয় সিনেমার প্রদর্শনী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক এই হামলার জেরে ঋষভ শেট্টির বহু প্রতীক্ষিত ছবি ‘কান্তারা: আ লেজেন্ড চ্যাপ্টার ১’ এবং অভিনেতা পবন কল্যাণের ছবি ‘দে কল হিম ওজি-এর প্রদর্শনী বাতিল করা হয়েছে (Ontario)।

প্রথম হামলাটি হয় ২৫ সেপ্টেম্বর ভোরে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন দু’জন একটি গ্যাস ক্যানের সাহায্যে হলের গেটে আগুন ধরিয়েছিল। যদিও আগুন গেটের বাইরেই সীমাবদ্ধ থাকায় সিনেমা হলের অভ্যন্তরে বড় কোনো ক্ষতি হয়নি। সিনেমা হল কর্তৃপক্ষের শেয়ার করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, একটি ধূসর রঙের এসইউভি এসে হলের সামনে দাঁড়ায়। সেখান থেকে হুডি পরা এক ব্যক্তি নেমে চারপাশ খুঁটিয়ে দেখে চলে যায়। কিছুক্ষণ পর সেই গাড়িটি ফিরে আসে এবং তার সঙ্গে যোগ দেয় আরও একটি সাদা রঙের এসইউভি। এরপর দু’জন সন্দেহভাজন হলের দরজার সামনে এসে লাল রঙের জেরিকেন থেকে কোনো ধরনের তরল ঢালে এবং তারপর দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় (Ontario)।

প্রথম হামলার রেশ কাটতে না কাটতেই মাত্র কয়েক দিন পর ২ অক্টোবর দ্বিতীয়বার ওই হলটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এই ঘটনায় এক সন্দেহভাজন মূল দরজার দিকে পরপর কয়েক রাউন্ড গুলি চালায়, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে। টানা দুটি হামলার ঘটনায় স্থানীয় ভারতীয় কমিউনিটি এবং হল কর্তৃপক্ষ নিরাপত্তার প্রশ্ন তুলেছেন। কেন ভারতীয় সিনেমা প্রদর্শনীকে লক্ষ্যবস্তু করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কোনো কারণ জানা না গেলেও, এই ঘটনার জেরে অস্থায়ীভাবে সিনেমা হলটি ভারতীয় ছবির প্রদর্শন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। পুলিশ উভয় ঘটনারই তদন্ত শুরু করেছে (Ontario)।

Related Articles