আন্তর্জাতিক

ড্রোন আতঙ্কে ৭ ঘণ্টা বন্ধ মিউনিখ বিমানবন্দর, বাতিল ১৭টি বিমান

প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে ফের স্বাভাবিক হয় পরিষেবা।

Truth Of Bengal: ড্রোন আতঙ্কে প্রায় সাত ঘণ্টা বন্ধ জার্মানির মিউনিখ বিমানবন্দর।(Munich Airport )বাতিল করা হয়েছে ১৭টি বিমান, আটকে পড়েছেন প্রায় ৩ হাজার যাত্রী। এছাড়া আরও ১৫টি বিমানের গন্তব্য পরিবর্তন করে সেগুলিকে পাঠানো হয় পার্শ্ববর্তী শহরের বিমানবন্দরে।বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ দক্ষিণ জার্মানির মিউনিখ শহরের আকাশে একাধিক ড্রোন ঘোরাফেরা করতে দেখা যায়।

যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাৎক্ষণিকভাবে বিমান চলাচল স্থগিত করে বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকালে ফের স্বাভাবিক হয় পরিষেবা। এই ঘটনায় মোট ১৭টি উড়ান বাতিল করা হয়। আর ১৫টি বিমানকে ঘুরিয়ে দেওয়া হয় অস্ট্রিয়ার ভিয়েনা, জার্মানির স্টুটগার্ট, নুরেমবার্গ ও ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে।(Munich Airport )

প্রসঙ্গত,  ইউরোপের একাধিক দেশে বারবার ড্রোনের দেখা মিলছে।কয়েক সপ্তাহ আগে ডেনমার্কের কোপেনহাগেন ও নরওয়ের অসলো বিমানবন্দরে একই ধরনের ঘটনা ঘটেছিল। সেখানেও বহু বিমান বাতিল করতে হয়। ‘ন্যাটো’র সদস্য পোল্যান্ড এবং রোমানিয়া তাদের আকাশে রাশিয়ান ড্রোনের দেখা মেলার অভিযোগ জানিয়েছে। অন্যদিকে, এস্টোনিয়ার অভিযোগ, রাশিয়া আকাশসীমা লঙ্ঘন করে ফাইটার জেট পাঠাচ্ছে। ডেনমার্ক সরাসরি রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলেছিল। যদিও মস্কো সেই দাবি অস্বীকার করেছে।জার্মান সরকার জানিয়েছে, মিউনিখ বিমানবন্দরের আকাশে দেখা পাওয়া ড্রোনগুলির উৎস এখনও শনাক্ত করা যায়নি। তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে পশ্চিম ইউরোপের দেশগুলিতে এ ধরনের আশঙ্কা আরও জোরদার হচ্ছে।(Munich Airport )