কলকাতা

Kolkata: দশমীর রাতে খাস কলকাতায় রহস্যমৃত্যু! বালিগঞ্জের পদ্মপুকুরে যুবকের দেহ উদ্ধার

পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবকের নাম বিকি মল্লিক। বালিগঞ্জের পদ্মপুকুর রোড এলাকার একটি বাড়িতে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিক-এর সঙ্গে থাকতেন।

Truth of Bengal: দুর্গাপূজার দশমীর রাতে খাস কলকাতার বালিগঞ্জ এলাকার পদ্মপুকুরে এক যুবকের রহস্যজনক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের স্ত্রী ঘটনাটিকে আত্মহত্যা বলে দাবি করলেও, মৃতের দিদি সরাসরি খুনের অভিযোগ এনেছেন। পুলিশ দেহ উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। মৃত যুবকের নাম বিকি মল্লিক। বালিগঞ্জের পদ্মপুকুর রোড এলাকার একটি বাড়িতে তিনি স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিক-এর সঙ্গে থাকতেন। বৃহস্পতিবার রাতে বিকির দিদি সোনা মাহাতো খবর পান যে তাঁর ভাই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। দ্রুত ওই বাড়িতে পৌঁছে তিনি দেখেন, ঘরের মেঝেতে ভাইয়ের দেহ নামানো অবস্থায় পড়ে আছে। দৃশ্যটি দেখে সোনা মাহাতোর সন্দেহ হয়।

সোনা মাহাতো অবিলম্বে বালিগঞ্জ থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এরপরই সোনা মাহাতো থানায় একটি লিখিত খুনের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের কেন্দ্রে রয়েছে বিকির স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিকের অবৈধ সম্পর্ক। সোনা মাহাতোর দাবি, প্রিয়াঙ্কা মল্লিকের সঙ্গে অন্য এক যুবকের পরকীয়ার সম্পর্ক ছিল। বিকি মল্লিক এই বিষয়টি জানতে পারার পর স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল অশান্তিও হয়েছিল। অভিযোগ, এরপরও প্রিয়াঙ্কা ওই পরকীয়া সম্পর্ক থেকে সরে আসেননি।

পরিবারের দাবি, গতকাল রাতে বিকি মল্লিক বাড়িতে ফিরে স্ত্রীকে সেই যুবকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পান। এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে আরও বড় ধরনের অশান্তি শুরু হয়। অভিযোগ, এই ঘটনার জেরেই প্রিয়াঙ্কা এবং সেই যুবক মিলে বিকিকে খুন করেন এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়। বালিগঞ্জ থানার পুলিশ খুনের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। পুলিশ বিকির স্ত্রী প্রিয়াঙ্কা মল্লিক এবং অভিযুক্ত অন্য যুবকটির ভূমিকা খতিয়ে দেখছে। এই রহস্যমৃত্যুর ঘটনায় পদ্মপুকুর এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Related Articles