খেলা

এখনই অবসর নয়! ইন্টার মায়ামির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি মেসির

২০২৩ সালের জুলাইয়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি।

Truth Of Bengal: অবসরের গুঞ্জন ছাপিয়ে ফের বড় খবর দিলেন লিওনেল মেসি। মার্কিন ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করতে চলেছেন আর্জেন্টিনীয় মহাতারকা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দাবি, মেসি ও মায়ামির মধ্যে চুক্তি সম্প্রসারণ নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা। ২০২৩ সালের জুলাইয়ে আড়াই বছরের চুক্তিতে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি।

চলতি বছরেই সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও জানা গিয়েছে, কমপক্ষে ২০২৭ সাল পর্যন্ত ক্লাবটির সঙ্গে যুক্ত থাকবেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে, ফুটবলজীবনের শেষটা মায়ামিতেই করতে পারেন এলএম১০।এর আগে মেসির অবসর অথবা ইউরোপ কিংবা মধ্যপ্রাচ্যের ক্লাবে তাঁর যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা ছিল। তবে মায়ামির সঙ্গে নতুন চুক্তি হলে সেই সব জল্পনায় পূর্ণবিরতি পড়বে। সূত্রের খবর, আলোচনার প্রায় ৮৫ শতাংশ ইতিমধ্যেই সারা হয়ে গিয়েছে।

উল্লেখ্য, ইন্টার মায়ামির জার্সিতে আসার পর থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। ৪৬টি এমএলএস ম্যাচে করেছেন ৪১ গোল, অ্যাসিস্ট করেছেন ২৭টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৬২ ম্যাচে তাঁর গোল সংখ্যা ৫৪। গত মৌসুমে তাঁর নৈপুণ্যেই সাপোর্টার্স শিল্ড জেতে মায়ামি। চলতি মরশুমেও ২০ ম্যাচে ১১টি গোল করে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর্জেন্টিনীয় কিংবদন্তি। তবে মেসির সঙ্গে মায়ামির চুক্তি শেষের আগে মেসির সঙ্গে একাধিক লিগের নাম জড়ায়। তাঁকে নিতে অতীতেও আগ্রহী ছিল সৌদি প্রো লিগ। কিন্তু মেসি তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। এ বার মেসির চুক্তি শেষে ফের সৌদি প্রো লিগ তাঁকে নিয়ে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সেটা হচ্ছে না।

Related Articles