খেলা

কাফা নেশন কাপে ওমানকে হারিয়ে তৃতীয় খালিদের ভারত

আরবের দেশটির বিরুদ্ধে এটাই প্রথম জয় ভারতের। ম্যাচের ফল ৩-২।

Truth Of Bengal: তাজিকিস্তানে আয়োজিত কাফা নেশন কাপে তৃতীয় স্থান অর্জন করল ভারত। সোমবার তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে ফিফা তালিকায় ভারতের থেকে ৫৪ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ওমানকে টাইব্রেকারে পরাজিত করল মেন-ইন-ব্লুজ ব্রিগেড। আরবের দেশটির বিরুদ্ধে এটাই প্রথম জয় ভারতের। ম্যাচের ফল ৩-২।

সোমবার ম্যাচে শক্তিশালী ওমান যাতে কোনওভাবেই মাঝমাঠে নিজেদের কর্তৃত্ব ফলাতে না পারে তারজন্য নিজেদের মিডফিল্ড অঞ্চল ভিড় বাড়িয়ে নিয়ে প্রতিপক্ষকে বার বার বিব্রত করার ট্যাকটিস নিয়েছিলেন খালিদ। ডিফেন্সে আনোয়ার এবং রাহুল ভেকে দুরন্তভাবে রক্ষণভাগকে সামাল দিলেন। বল পজিশনে ওমান ভারতকে টেক্কা দিলেও তার মাঝে মাঝে সুযোগ পেলেই আক্রমণে আসার চেষ্টা করতে থাকেন ভারতীয় ফুটবলাররা। প্রথমার্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ওমানকে রুখে দিয়ে আনোয়ার, গুরপ্রীত, মহেশরা প্রমাণ করে দিলেন সোমবার ম্যাচ সহজে ছাড়বেন না তাঁরা।

এরপর দ্বিতীয়ার্ধে আচমকাই একটি গোল হজম করে ভারত। সতীর্থের কাছ থেকে বল পেয়ে আহমাদির শেষ টাচে বল দিক পরিবর্তন করে গুরপ্রীতকে ফাঁকি দিয়ে জালে জড়িয়ে যায়। গোল খেলেও খালিদ কিন্তু আশাহত হতে দেননি তাঁর ফুটবলারদের। গোল খাওয়ার পর অতিরিক্ত রক্ষণাত্মক না হয়ে একই ট্যাকটিস অবলম্বন করে লড়াই করার পরামর্শ দিলেন। খালিদের মূল টার্গেটই ছিল লং পাস ও সেটপিস থেকে ফায়দা তুলে নেওয়া। আর এই কৌশলেই খেলায় সমতায় ফেরে টিম ইন্ডিয়া। ম্যাচের ৮০ মিনিটে আনোয়ার থেকে দানিশের থেকে বল পেয়ে উদান্তার হেড জড়িয়ে যায় জালে। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল একই থাকে। তারপর টাইব্রেকারে বাজিমাত খালিদের দলের।

প্রসঙ্গত, দীর্ঘ বছর পর আবার ভারতীয় দলের কোচের পদে আসীন হলেন কোনও প্রাক্তন জাতীয় ফুটবলার। এতদিন নামি-দামী বিদেশি কোচেরা এলেও তাঁদের আমলে ভারতের সাফল্যের খতিয়ান আতস কাঁচ দিয়ে দেখতে হবে। এদিকে সদ্য জাতীয় দলের দায়িত্ব নিয়ে খালিদ জামিল যে অসাধ্য সাধণ করলেন তাঁকে তো কুর্নিশ জানাতেই হবে।

Related Articles