Jail Break: ‘ডন ২’ সিনেমার কায়দায় জেল-ব্রেক, চাঞ্চল্য অন্ধ্রপ্রদেশে
পুলিশ ও জেল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ওই জেল থেকে পালিয়ে গিয়েছে দুই সাজাপ্রাপ্ত বন্দি— নক্কা রবিকুমার ও বেজাওয়াদা রামু
Truth of Bengal: সিনেমার গল্প নয়, বাস্তবেই ঘটল রুদ্ধশ্বাস জেল-ব্রেক! শাহরুখ খানের জনপ্রিয় ছবি ‘ডন ২’-তে যেমন রান্নাঘরের ছুতোয় জেল ভেঙে পালানোর ছক কষে ডন, ঠিক তেমনই চমকে দেওয়া এক ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লি জেলার চোদাভারম সাব-জেলে। পুলিশ ও জেল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ওই জেল থেকে পালিয়ে গিয়েছে দুই সাজাপ্রাপ্ত বন্দি— নক্কা রবিকুমার ও বেজাওয়াদা রামু (Jail Break)।
আরও পড়ুনঃ Ticket Scam: অভিষেকের নাম ভাঙিয়ে টিকিট বিক্রির অভিযোগ! গ্রেফতার ১
জানা গিয়েছে, ঘটনার দিন জেলের রান্নার দায়িত্বে ছিল নক্কা রবিকুমার ও বেজাওয়াদা রামু। সেই সুযোগকেই কাজে লাগায় তারা। আচমকা রবিকুমার একটি হাতুড়ি তুলে সরাসরি হামলা চালায় হেড ওয়ার্ডেনের উপর। এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হন তিনি। তাঁর কাছ থেকে চাবি ছিনিয়ে নেয় রবিকুমার। পরিস্থিতির সুযোগে দ্রুত পালিয়ে যায় দুই বন্দি। যদিও বন্দিদের আটকানো যায়নি, তবে জেল চত্বরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে পুরো ঘটনাক্রম। সেই ফুটেজ খতিয়ে দেখেই চলছে অভিযুক্তদের খোঁজ। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার পরপরই আশেপাশের এলাকায় শুরু হয় চিরুনি তল্লাশি। তবে এখনও পর্যন্ত দুই পলাতকের কোনও সন্ধান মেলেনি (Jail Break)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
তদন্তে জানা গিয়েছে, নক্কা রবিকুমার পেনশন তহবিলের দুর্নীতির অভিযোগে জেলে ছিল। অন্যদিকে, বেজাওয়াদা রামুর বিরুদ্ধে ছিল একাধিক চুরির মামলা। দু’জনেই দীর্ঘদিন ধরেই জেলে বন্দি ছিল এবং রান্নার দায়িত্বে থাকার সুবাদে জেলের নিত্যদিনের গতি-প্রকৃতি সম্পর্কে ভালোই ওয়াকিবহাল ছিল। ঘটনার পর চোদাভারম সাব-জেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কীভাবে জেলের ভিতর হাতুড়ি এল, কেন রান্নাঘরে পর্যাপ্ত নজরদারি ছিল না— এসব খুঁটিনাটি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট দপ্তর। পাশাপাশি, গুরুতর আহত হেড ওয়ার্ডেনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে (Jail Break)।






