Ticket Scam: অভিষেকের নাম ভাঙিয়ে টিকিট বিক্রির অভিযোগ! গ্রেফতার ১
অভিযোগ, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তি একাধিক মানুষের কাছ থেকে অর্থ দাবি করছিলেন
Truth of Bengal: বিধানসভা নির্বাচন আর মাত্র এক বছর পর। রাজনৈতিক মহলে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির তোড়জোড়। এই আবহেই রাজ্যে সামনে এল এক চাঞ্চল্যকর প্রতারণার ঘটনা। অভিযোগ, আসন্ন নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট পাইয়ে দেওয়ার নাম করে এক ব্যক্তি একাধিক মানুষের কাছ থেকে অর্থ দাবি করছিলেন, তাও আবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়ে। এই গুরুতর অভিযোগ সামনে আসতেই নড়েচড়ে বসে প্রশাসন। কলকাতার শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়েরের পর তৎপরতা শুরু করে পুলিশ। তদন্তে নেমে অবশেষে পার্ক স্ট্রিট এলাকার একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নাজমুল হোদাকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত নিজেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে দাবি করত এবং তৃণমূলের আসন্ন নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা দাবি করে। বিভিন্ন জায়গা থেকে এই অভিযোগ আসতে শুরু করে, এবং দলের শীর্ষ নেতৃত্বের কানেও পৌঁছায় এই ভুয়ো পরিচয়ে প্রতারণার খবর।
এরপরই দলীয় তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে পুলিশ নিশ্চিত হয় যে, অভিযুক্ত নাজমুল হোদা একটি সুপরিকল্পিত প্রতারণার চক্র চালাচ্ছিল। গ্রেফতারের পর অভিযুক্তকে দফায় দফায় জেরা করছে পুলিশ। তাঁর সঙ্গে আরও কেউ জড়িত কি না, কোনও বড় চক্র এই ঘটনার পেছনে আছে কি না— সেই সব দিক খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের সন্দেহ, এর আগেও একই কায়দায় অনেকের সঙ্গে প্রতারণা করে থাকতে পারে ওই ব্যক্তি।
এই ধরনের ঘটনা অবশ্য নতুন নয়। এর আগেও তৃণমূলের প্রভাবশালী নেতাদের নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ উঠেছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে একাধিক সময়ে দলের কর্মীদের টোপ দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিবারই দলের পক্ষ থেকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং প্রশাসনকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।






