Asia Cup: এশিয়া কাপ নিয়ে জল্পনা তুঙ্গে, ঢাকার বৈঠকেও মিলল না স্পষ্ট উত্তর
এর আগেই খবর মিলেছিল, ঢাকার এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিসিসিআই যোগ দিতে অনিচ্ছুক।
Truth of Bengal: চলতি বছরের এশিয়া কাপ হবে তো? প্রশ্নটা এখনো জিইয়ে। বৃহস্পতিবার ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিল(এসিসি)-র বৈঠকের পরেও সেই প্রশ্নের কোনও নির্দিষ্ট উত্তর দিতে পারলেন না সংস্থার সভাপতি মহসিন নকভি। দিনভর বৈঠকের শেষে নকভি জানালেন, ‘ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করবে এসিসি-র ২৫টি সদস্য দেশ।‘ কিন্তু আসন্ন এশিয়া কাপ নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রশ্নের কোনওটাই এড়িয়ে গেলেন না, আবার জবাবও দিলেন না।

[আরও পড়ুনঃ Central Goverment: বয়স্ক পিতামাতার যত্নে ৩০ দিনের ছুটি নিতে পারবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা]
কবে প্রকাশিত হবে এশিয়া কাপের সূচি? কোথায় আয়োজিত হবে টুর্নামেন্ট? ভারত-পাকিস্তান কি মুখোমুখি হবে? এইসব প্রশ্ন করতেই নকভির প্রতিক্রিয়া একটাই—‘ আলোচনা চলছে। শীঘ্রই জানানো হবে।’ এর আগেই খবর মিলেছিল, ঢাকার এই গুরুত্বপূর্ণ বৈঠকে বিসিসিআই যোগ দিতে অনিচ্ছুক। পরে অবশ্য তারা ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে অংশ নেয়। তবে ভারতীয় বোর্ডের সঙ্গে আলোচনা যে এখনও জারি রয়েছে, তাই জানিয়ে দিলেন এসিসি চেয়ারম্যান। বলা বাহুল্য, পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/
ফাইনাল হওয়ার কথা ২১ সেপ্টেম্বর। আর ভারত-পাকিস্তান মহারণের সম্ভাব্য দিন ৭ সেপ্টেম্বর। কিন্তু এখনো পর্যন্ত ভেন্যু, সূচি—কোনও কিছুই চূড়ান্ত নয়। সম্প্রতি লেজেন্ডস লিগ ক্রিকেটে ভারত-পাক ম্যাচ বাতিল হয়ে যাওয়ার পর থেকেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে—আন্তর্জাতিক মঞ্চে কি আদৌ মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী? ঢাকার বৈঠক সেই প্রশ্নের উত্তর দিতে পারল না। বরং আরও স্পষ্ট হলো, রাজনৈতিক টানাপোড়েনের আবহে ক্রিকেটের ময়দানেও বাড়ছে অনিশ্চয়তা। ফলে প্রশ্ন উঠছে, এই রাজনৈতিক অস্থিরতার মধ্যেও কি আদৌ আয়োজন সম্ভব এশিয়া কাপের? সব সদস্য দেশই কি খেলবে? নাকি এই বছরের এশিয়া কাপও হতে চলেছে বাতিলের খাতায়? সব প্রশ্নের উত্তরই এখনও সময়ের অপেক্ষায়।






