খেলা

Murali Sreeshankar: চোট কাটিয়ে দুর্দান্ত কামব্যাক, পর্তুগালে সোনা জয় শ্রীশঙ্করের

প্রথম রাউন্ডে ৭.৬৩ মিটার লাফ দিয়ে শুরু করেন শ্রীশঙ্কর।

Truth of Bengal: প্রায় দু’বছর পর আন্তর্জাতিক মঞ্চে ফিরে চমক দেখালেন ভারতের লংজাম্পার মুরলী শ্রীশঙ্কর। শনিবার পর্তুগালের মাইয়া শহরে আয়োজিত ‘মিটিং মাইয়া সিদাদে দো দেস্পোর্তো ২০২৫’-এ ৭.৭৫ মিটার লাফ দিয়ে সোনার পদক জিতে নিলেন কেরলের এই প্রতিভাবান অ্যাথলিট। এই প্রতিযোগিতা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স কনটিনেন্টাল ট্যুরের ব্রোঞ্জ স্তরের মিট।গত বছর এপ্রিল মাসে হাঁটুর চোটে মাঠের বাইরে চলে যেতে হয়েছিল শ্রীশঙ্করকে। প্যারিস অলিম্পিকের স্কোয়াডেও রাখা হয়নি তাঁকে। দীর্ঘ রিহ্যাব ও ধৈর্যের পরীক্ষার পর অবশেষে ফিরলেন আন্তর্জাতিক পর্যায়ে। আর প্রথম প্রতিযোগিতাতেই ছাপ ফেললেন স্বমহিমায়। (Murali Sreeshankar)

[আরও পড়ুনঃ River Body: ফরাক্কার তালতলা ঘাটে গঙ্গা থেকে অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার]

প্রথম রাউন্ডে ৭.৬৩ মিটার লাফ দিয়ে শুরু করেন শ্রীশঙ্কর (Murali Sreeshankar)। দ্বিতীয় চেষ্টাতেই ছুঁয়ে ফেলেন সেরা লাফ—৭.৭৫ মিটার। তৃতীয় ও চতুর্থ চেষ্টায় যথাক্রমে ৭.৬৯ মিটার ও একটি ফাউল। পঞ্চম রাউন্ডে কিছুটা পিছিয়ে গিয়ে ৬.১২ মিটার, কিন্তু শেষ রাউন্ডে আবার ঘুরে দাঁড়িয়ে ৭.৫৮ মিটার লাফ দেন তিনি। এই পারফরম্যান্সে তিনি পিছনে ফেলে দেন পোল্যান্ডের পিওতর তারকোভস্কি ও অস্ট্রেলিয়ার ক্রিস মিত্রেভস্কিকে, যাঁরা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করেন।১২ জুলাই পুনেতে আয়োজিত ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্সে চোট সারিয়ে প্রতিযোগিতায় ফিরে প্রথমবারেই সোনা জিতেছিলেন শ্রীশঙ্কর। সেখানেও দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। চতুর্থ চেষ্টায় ৮.০৫ মিটার লাফ দিয়ে সেরা হন। প্রথম দুটি অ্যাটেম্পট ছিল ৭.৮৪ ও ৭.৯৯ মিটার।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

চলতি বছরের শেষে টোকিওতে অনুষ্ঠিত হতে চলা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ এবং আগামী বছরের কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসের দিকেই এখন নজর শ্রীশঙ্করের (Murali Sreeshankar)। যদিও বিশ্ব চ্যাম্পিয়নশিপে সরাসরি যোগ্যতা পেতে হলে তাঁকে লাফাতে হবে কমপক্ষে ৮.২৭ মিটার। একেবারে সহজ নয় সেই চ্যালেঞ্জ, তবে ফর্ম ও আত্মবিশ্বাস যেভাবে ফিরেছে, তাতে আশা বাড়ছে ভক্তদের। দু’বছর আগেই শ্রীশঙ্কর জীবন দেখেছেন দুই দিক থেকেই। একদিকে ৮.৩৭ মিটার লাফ দিয়ে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসে রূপো জিতেছিলেন। কোয়ালিফাই করেছিলেন প্যারিস অলিম্পিকের জন্য। কিন্তু পরক্ষণেই মর্মান্তিক চোট কেড়ে নেয় তাঁর সেই স্বপ্ন। তবে সেই একই বছরে তিনি খেলেছিলেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ডায়মন্ড লিগ ফাইনাল এবং এশিয়ান গেমসেও রূপো জেতেন। আর এবার পর্তুগালে সোনা জিতলেন মুরলী শ্রীশঙ্কর।