চুরি হয়ে যাচ্ছে নিকাশি খাল, মাথায় হাত চাষিদের
Drainage canals are being stolen, farmers are worried
Truth of Bengal: কৃষি জমি রক্ষার আন্দোলনের আঁতুর ঘর ছিল সিঙ্গুর। সেই সিঙ্গুরেই নিকাশি খাল চুরি করে নিচ্ছে দুষ্কৃতীরা। এলাকার কৃষকদের অভিযোগ, যেভাবে নিকাশি নালার উপর পিলার তুলে ঘর তৈরি করা হচ্ছে, তাতে জল নিকাশি বন্ধ হয়ে যাচ্ছে। আগামীদিনেএলাকায় কৃষি কাজ বন্ধ হয়ে যাবে। খালের উপর তৈরি হওয়া বেআইনি ঘর ভেঙ্গে দেওয়ার দাবি তুলেছে এলাকার কৃষকরা।
হুগলির সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের খাগড়াগাছি মৌজায় ৭২ নং দাগে ৬০ ফুট চওড়া খাগড়াগাছি খাল রয়েছে। সেই খালের উপর অবৈধ ঘর তৈরি করা হয়েছে। প্রশাসন নিশ্চুপ থাকায় বেড়াবেড়ি থেকে মধুসূদনপুর রেল স্টেশন যাওয়ার রাস্তায় একের পর এক খাল বিক্রি করে ঘর তৈরি হয়েছে।
এলাকার প্রাক্তন সেনা জওয়ান তিমির কুমার ঘোষ এর অভিযোগ, এলাকার প্রভাবশালী দুষ্কৃতীরা টাকার বিনিময়ে সরকারী খালকে বিক্রি করে ঘর তৈরি করছে। এর ফলে খাগড়াগাছি খালের নিকাশি বন্ধ হয়ে গিয়ে কৃষিকাজ ব্যহত হচ্ছে। বারবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়ে কোনো লাভ হয়নি।






