মুম্বই বিমানবন্দর ও তাজ হোটেলে বোমা হামলার হুমকি, তদন্তে পুলিশ
Threat of bomb attack at Mumbai airport and Taj Hotel, police investigating

Truth of Bengal: মুম্বইয়ের তাজ হোটেল এবং ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের হুমকি দিয়ে পাঠানো ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার মুম্বই পুলিশ একটি অজ্ঞাত ইমেল প্রেরকের কাছ থেকে এই হুমকি আসে। সেখানে বলা হয়েছে, আফজল গুরুর সঙ্গে অন্যায় হয়েছে। এ জন্য হামলা হবে তাজ হোটেল এবং মুম্বই বিমানবন্দরে। উল্লিখিত স্থানে বোমা রাখা হয়েছে।
বলা বাহুল্য, ২০০১ সালে সংসদে হামলায় দোষী সাব্যস্ত আফজলের ফাঁসি হয় ২০১৩ সালের ফেব্রুয়ারিতে। অন্য দিকে, ২০০৮ সালের ২৬ নভেম্বর তাজ হোটেলে হামলা চালিয়েছিল জঙ্গিরা। পুলিশ সূত্রে জানা গেছে, হুমকি ইমেলটি মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে পাঠানো হয়। বার্তাটি পেয়ে পুলিশ তৎপর হয়ে তাজ হোটেল এবং বিমানবন্দরে তল্লাশি চালায়, তবে কোনো সন্দেহজনক বস্তু পাওয়া যায়নি। তদন্তে ইমেল প্রেরকের মোবাইল নম্বর আগ্রার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।
পুলিশ ইতিমধ্যে অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এফআইআর দায়ের করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে । মুম্বই পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হুমকি ইমেলটির উৎস এবং প্রেরকের উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি কোনো সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে অবহিত করার অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার অন্যতম লক্ষ্য ছিল তাজ হোটেল। সেখানে বহু নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। সেই স্মৃতি এখনও অনেকের মনে তাজা। এই প্রেক্ষাপটে নতুন করে এমন হুমকি বার্তা পুলিশ এবং সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সম্প্রতি, ভারতের বিভিন্ন জায়গায় একাধিক ভুয়ো বোমা হুমকির ঘটনা ঘটেছে, যার মধ্যে দিল্লি, বেঙ্গালুরু এবং কলকাতার স্কুল, কলেজ ও হাসপাতালগুলিও রয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই হুমকিগুলি মিথ্যা প্রমাণিত হয়েছে, তবে প্রতিটি ঘটনার তদন্তে পুলিশ সতর্কতা অবলম্বন করছে ।






