নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে গেল বাস, আহত প্রায় ২০ জন
Bus loses control and overturns in ditch, nearly 20 injured

Truth Of Bengal: শনিবার সকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরশুড়ার হরিহর এলাকায়। খানাকুলের গণেশপুর থেকে তারকেশ্বরগামী একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে যায়। ঘটনায় আহত হয়েছেন প্রায় ২০ জন যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাসটি পুরশুড়া পার হওয়ার পর হরিহর এলাকায় হঠাৎই স্টিয়ারিং কেটে যায়। ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, এবং বাসটি সোজা রাস্তার ধারে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় বাসটি যাত্রীতে ভর্তি ছিল, যার ফলে বেশ কয়েকজন যাত্রী আহত হন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধারকাজ শুরু করেন। পরে পুরশুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের শ্রীরামপুর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই দুর্ঘটনার জেরে শনিবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন, যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।






