খেলা

ফুটবলের রাজপুত্রের অবহেলায় মৃত্যুর অভিযোগ, বিচার শুরু চলতি মাসেই

Football king Diego Maradona's trial begins this month over alleged negligence in death

Truth Of Bengal: বিশ্ব ফুটবলের কিংবদন্তি ফুটবলার প্রয়াত দিয়াগো মারাদোনার মৃত্যুতে তাঁর চিকিৎসার সঙ্গে যুক্ত আটজন পেশাদার চিকিৎসাকর্মীর মধ্যে সাতজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগে মামলা করা হয়। গত বছর সেপ্টেম্বরে সেই মামলার বিচারের কাজকর্ম পিছিয়ে চলতি বছরের মার্চ মাসে করা হবে বলে ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপজয়ী কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর চার বছর পর অবশেষে শুরু হতে যাচ্ছে আলোচিত সেই মামলার বিচারের কাজ। সংবাদ সংস্থা সূত্রে খবর, আগামী মঙ্গলবার থেকে এই বিচাকাজ শুরু হবে বলে জানা গিয়েছে।

এই মামলায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের সান ইসিদ্রোতে শুরু হতে যাওয়া চার মাসব্যাপী এই মামলায় মারাদোনার পরিবারের সদস্যরা ছাড়াও চিকিৎসকসহ মোট ১০০ জনের বেশি সাক্ষী সাক্ষ্য দেবেন বলে জানা গিয়েছে। যদি বিচারে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হন, তাহলে তাঁদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

প্রসঙ্গত, প্রয়াত আর্জেন্টিনার অধিনায়ক দিয়াগো আর্মান্দো মারাদোনা মাঠেও যেমন আলোচনার বিষয় ছিলেন, ঠিক তেমনি মাঠের বাইরেও তাঁকে নিয়ে আলোচনার ঢেউ উঠত চায়ের দোকান থেকে পাড়ার রক সর্বত্র। ১৯৮৬ সালে নিজের একক কৃতিত্বে আর্জেন্টিনাকে বিশ্বকাপের শিরোপা এনে দিয়েছিলেন দিয়াগো।

খেলা ছাড়ার পর থেকেই কোকেন ও মদ্যপানে যেন আসক্ত হয়ে পড়লেন বিশ্ব ফুটবলের অন্যতম এই শৈল্পিক ফুটবলার। নেশার কবলে আসক্ত হয়ে ২০২০ সালের ২৫ নভেম্বর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরস-এ নিজের বাড়িতেই পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি দেন দিয়াগো। এরপরই তাঁর মৃত্যু স্বাভাবিকভাবেই হয়েছে বলে চিকিৎসকরা জানালেও, বিতর্ক দানা বাঁধে অসুস্থ থাকাকালীন তিনি চিকিৎসা পরিষেবা ঠিকমতো পেয়েছেন কি না। সেই কারণেই গঠিত হয়ত তদন্ত বোর্ড। এই বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল যে প্রয়াত ফুটবলার মৃত্যুর আগে শেষ ১২ ঘণ্টা কঠিনতম যন্ত্রণায় কষ্ট পেয়েছেন। এবং সঠিক সময়ে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে তিনি বেঁচেও যেতে পারতেন বলে মনে করা হয়।

এরপরই আর্জেন্টিনার আদালত জানায়, চিকিৎসায় নিয়োজিত নিউরোসার্জন লিওপোল্ডো লুকু, মনোবিদ অগাস্তিনা কোসাচোভসহ আরও ছয়জনকে ম্যারাডোনার মৃত্যুর বিষয়ে কাঠগড়ায় দাঁড়াতে হবে।

অভিযুক্ত নার্সদের মধ্যে গিজেলা দাহিয়ানা তাঁর বিচার কার্য আলাদাভাবে করার আবেদন করেছিলেন। আদালত তাঁর দাবি মেনে আলাদাভাবে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে। আগামী জুলাইয়ে। এখন দেখা যাক শেষ পর্যন্ত এই মামলা কোন দিকে তা সময়ই বলবে।

Related Articles