ঘটা করে ভ্যালেন্টাইন্স-ডে পালন করার কোনও প্রয়োজন আছে কি?
Is there any need to celebrate Valentine's Day?
Truth Of Bengal: জয়ন্ত চক্রবর্তী: দোহাই আপনাদের এই লেখাটি পড়ে আমাকে কেউ সিনিকাল বলে কেউ ভেবে নেবেন না। আমি সিনিকাল নই। তবু, বিনীত ভাবে এই প্রশ্নটি না করে পারছিনা – ঘটা করে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি তারিখে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হল। প্রতিবারই চোদ্দ ফেব্রুয়ারি এই দিনটি পালন করা হয়।

কিন্তু এর কি কোনও সত্যিই প্রয়োজন আছে? একটু হিসেব করলে দেখবেন যে আজ থেকে চল্লিশ বছর আগে ভ্যালেন্টাইন্স ডের কোনও অস্তিত্ব ছিলনা। বাঙালি তখন চকোলেট ডে, রোজ ডে, প্রপোজ ডে, হাগ ডে বলে কিছু হয় বলে জানতো না। আশির দশকের সদ্য কৈশোর উর্ত্তীর্ণ কোনও মানুষ-মানুষের হৃদস্পন্দম কী একে অপরকে দেখে দ্রুত হয়নি? স্কুল এর কোচিং ক্লাস এর শেষে কোনও সদ্য প্রেমপত্র পাওয়া কিশোর দুরুদুরু বক্ষে বইয়ের ভাঁজ এ সযতনে রচিত হৃদয়ের আর্তি কি গুঁজে দেয়নি?

পাঁচ ছয় এর দশকে সেলুলয়েড এর পর্দায় উত্তমকুমার-সুচিত্রা সেন এর সেই আপার্থিব রোমান্স কোন ভ্যালেন্টাইন্স ডের জন্যে অপেক্ষা করতো? চারপাশে লক্ষ্য করলে দেখবেন নব্বই এর প্রোডাক্ট এই ভালেনটাইন্স-ডে উপলক্ষে কর্পোরেট দুনিয়া হঠাৎ কেমন যেন চনমনে হয়ে উঠেছে। চকোলেট, কার্ড, ফুল, খেলনা আর টুকটাক উপহারের বাজার কেমন যেন জমে উঠেছে। ঠিকই ধরেছেন — পশ্চিমী ভোগবাদী দুনিয়া সেই নয়ের দশক থেকে তাক করেছে সোনার ডিম পাড়া এই উপমহাদেশকে।

ভালেনটাইন্স-ডে আজ যতটা জনপ্রিয় ভারতে ততটাই বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কায়। সূচতুর বেনিয়া বুদ্ধির ফাঁদে পড়ে আজ আমরা ভালোবাসার দিন পালন করি। ভুলে যাই আমরা কালিদাস কিংবা বিদ্যাপতির কথা। রাধা কৃষ্ণর অলৌকিক প্রেমকাহিনী আমাদের হৃদয়ে থেকে যায়। দোলের দিন রং এর বালতি হাতে প্রেমিকের দেওয়া রঙে লাজে রাঙা হয়ে যাওয়া আজও আমাদের স্মৃতিতে অপেক্ষায় থাকে। আর আমরা মজে থাকি বিজাতীয় এক আনন্দে যার নাম ভালেনটাইন্স-ডে। একবারও কি ভেবে দেখেছেন নয়ের দশকের আগে এই ভালেনটাইন্স-ডে ছিল কোথায়?

রেস্তোরায় রেস্তোরায় ঢালাও ভ্যালেন্টাইনস-ডে মেমুর এই তান্ডব কি কখনও দেখেছেন? বেপাড়ার কেবিন এর পর্দা ঢাকা কক্ষে কি কখনও বসেননি? কোন ভালেনটাইন্স-ডে’র জন্যে আপনাকে অপেক্ষা করতে হত? বছরের সবকটা দিনই কি ভালোবাসার দিন হয়ে উঠতো না! আজকাল সরস্বতী পুজোকে অনেকে বাঙালির ভালেনটাইন্স-ডে বলে উল্লেখ করে থাকেন। আমার ঘোরতর আপত্তি আছে এই বিষয়ে।

ভালেনটাইন্স-ডে যখন ছিল না তখনও কি পাড়ার সরস্বতী পুজোয় তিনশো চৌশট্টি দিন ফ্রক পরা মালতিকে শাড়ি পরে পুষ্পঞ্জলি দিতে দেখলে মন উচাটন হত না? না হলে আপনি বাঙালিই নয়! তাহলে ভালেনটাইন্স ডের প্রয়োজন কোথায়? দোহাই, আমাকে সিনিকাল ভাববেন না। লেখাটি পড়বেন আর ভাববেন ভালেনটাইন্স-ডে নিয়ে আপনি সিনিকালিজম এর চূড়ান্ত করে ফেলছেন নাতো!







