খেলার জমি দখলের অভিযোগ প্রোমোটারের বিরুদ্ধে, ক্ষুব্ধ এলাকাবাসী
Locals angry over allegations of land grabbing against promoter
Truth Of Bengal: যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবরদখল নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন, সেখানে আবারো একটি খেলার মাঠ জোরপূর্বক দখল করার অভিযোগ কয়েকজন প্রোমোটারের বিরুদ্ধে। এই ঘটনার জেরে প্রশাসনের দারস্থ এলাকার মানুষজন। ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ নগর দক্ষিণপাড়া এলাকায়।
জানা গিয়েছে, ওই এলাকায় অগ্রগামী সংঘ ক্লাবের সদস্যরা ক্লাব সংলগ্ন একটি ফাঁকা জায়গা মাঠ হিসাবে ব্যবহার করছে প্রায় ২৫ বছর ধরে। যেখানে সারা বছরই বিভিন্ন অনুশীলন থেকে শুরু করে ফুটবল-ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। গ্রামের যুবকেরাই শুধু নয়, অন্যান্য গ্রামের যুবকেরাও এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ওই ক্লাবের সদস্যদের দাবি, মাঠটির মালিকানা না থাকায় ওই মাঠটি ব্যবহার করে তারা। কিন্তু বেশ কিছু প্রোমোটার এই মাঠটিকে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। বাধা দিতে গেলে বিভিন্ন হুমকির মুখে পড়তে হচ্ছে ক্লাবের সদস্যদের। এমন পরিস্থিতিতে একাধিক প্রশাসনিক দফতরে অভিযোগ জানিয়েও কোন সুফল মেলেনি।
রবিবার আরো একবার শান্তিপুর থানায় যান ক্লাবের একদল সদস্য। তাদের মূলত দাবি, মাঠের পাশেই রয়েছে আরো কিছুটা জমি। তারা সরকারি নিয়ম মতো জমির সঠিক মালিকের কাছ থেকে এইটুকু জমি কিনতে চাইছেন কিন্তু বাধ সাধছে প্রোমোটার। অভিযুক্ত প্রোমোটাররা মাঠ সহ মাঠের পাশে বাড়তি জায়গাটুকুও দখল করার চেষ্টা করছে। বর্তমান পরিস্থিতিতে পুলিশ যদি এতে হস্তক্ষেপ না করে তাহলে আগামী দিনে বৃহত্তর প্রতিবাদ ছাড়া কোন রাস্তা নেই তাদের। অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।






