আন্তর্জাতিক

বিশাল ঢেউয়ের আঘাতে লোহিতসাগরে ডুবল প্রমোদতরি, নিখোঁজ ১৭

Cruise ship capsizes in Red Sea after huge wave hits, 17 missing

Truth Of Bengal: লোহিত সাগরে একটি প্রমোদতরি ডুবে যাওয়ার ঘটনায় ১৭ জন নিখোঁজ হয়েছেন। যাঁদের মধ্যে বিদেশি নাগরিকও আছেন। এ ছাড়া ২৮ জনকে ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে। মিশরের প্রশাসনের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।

লোহিত সাগর প্রদেশের গভর্নর জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার ভোর সাড়ে ৫টায় সি স্টোরি নামের প্রমোদতরিটি থেকে বিপদ সঙ্কেত পাওয়া যায়। এটি মারসা আলম শহরের কাছে গালিব বন্দর থেকে পাঁচ দিনের ডাইভিং ভ্রমণে ৩১ জন পর্যটক ও ১৪ জন ক্রু নিয়ে যাত্রা শুরু করেছিল।

আগামী শুক্রবার ২০০ কিলোমিটার উত্তরে হুরগাদা শহরে এর নোঙর করার কথা ছিল। গভর্নর মেজর জেনারেল আমর হানাফি জানান, মিশরের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আল ফাতেহ’ ও সামরিক বিমান নিখোঁজদের সন্ধানে প্রচেষ্টা জোরদার করেছে। নৌবাহিনী ও সশস্ত্র বাহিনীর সমন্বয়ে নিবিড় অনুসন্ধান কার্যক্রম চালানো হচ্ছে।

বেঁচে যাওয়া ব্যক্তিদের মারসা আলমের দক্ষিণে ওয়াদি আল-গেমাল এলাকায় পাওয়া গিয়েছে এবং তাঁরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু জানায়নি। তবে শনিবার মিশরীয় আবহাওয়া কর্তৃপক্ষ ভূমধ্যসাগর ও লোহিত সাগরে ঝোড়ো আবহাওয়ার কারণে রবি ও সোমবার সামুদ্রিক কার্যক্রম এড়ানোর পরামর্শ দিয়েছিল। মারসা আলমের স্থানীয় কাউন্সিল জানিয়েছে, সি স্টোরির ক্রুরা সবাই মিশরীয়। পর্যটকদের মধ্যে পাঁচজন স্প্যানিশ, চারজন ব্রিটিশ, চারজন জার্মান ও দুই জন মার্কিন নাগরিক ছিলেন। তবে কারা উদ্ধার হয়েছেন এবং কারা এখনও নিখোঁজ, তা এখনও পরিষ্কার নয়।

ব্রিটিশ বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র বলেছেন, তাঁরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন এবং ব্রিটিশ নাগরিকদের ও তাঁদের পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন। এ ছাড়া চিনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মিশরে অবস্থিত চিনের দূতাবাসের উল্লেখ করে জানিয়েছে, তাদের দুই নাগরিক সুস্থ আছেন। ফিনল্যান্ডের বিদেশ মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তাদের একজন নাগরিক নিখোঁজ রয়েছেন। পোলিশ বিদেশ মন্ত্রকের মুখপাত্র পাওয়েল রনস্কি বলেছেন, কর্তৃপক্ষের কাছে তথ্য রয়েছে, দুই পর্যটকের পোলিশ নাগরিকত্ব থাকতে পারে।

সি স্টোরির মালিক ও পরিচালনা প্রতিষ্ঠান ডাইভ প্রো লাইভঅ্যাবোর্ডের পক্ষ থেকেও এখনও কোনও মন্তব্য করা হয়নি। তাদের ওয়েবসাইট অনুযায়ী, ২০২২ সালে নির্মিত ৪৪ মিটার দীর্ঘ এই প্রমোদতরিতে চারটি ডেক ও ১৮টি কেবিন রয়েছে, যা সর্বোচ্চ ৩৬ জন যাত্রী বহন করতে পারে।

Related Articles