ভোররাতে বাদশার পানশালায় পড়ল বোমা, এবার কি নিশানায় পাঞ্জাবি গায়ক?
major blast in front of the singer Badshah's nightclub in chandigarh
Truth Of Bengal: বলিপাড়ায় ফের হামলা। গায়ক বাদশার পানশালার সামনে পড়লো বোমা। মঙ্গলবার ভোর ৩টে নাগাদ এই হামলা চলে। জানা যায়, দুই দুষ্কৃতী মোটর বাইকে করে এসে বোমা ফেলে চলে যায়। বিস্ফোরণে হতাহতের কোনো খবর না থাকলেও পানশালাটি অল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
চণ্ডীগড়ের আপমার্কেট সেক্টর ২৬-এ অবস্থিত পানশালা, যা বাদশার মালিকানাধীন সেখানেই আচমকা বিস্ফোরণ ঘটে। এই হামলায় স্বভাবতই চিন্তার ভাঁজ বাদশার কপালে। বিস্ফোরণের কারণে বারের কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়। নিকটবর্তী একটি ক্লাব থেকেও সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে। তবে মজার বিষয়, ক্লাবটি ছিল সেক্টর ২৬ থানার বিপরীতে। প্রশাসনের নাকের ডগায় বোমা ফেলে চলে যাওয়ার দুঃসাহস কিভাবে দেখালো দুষ্কৃতীরা, প্রশ্ন উঠছে।
চণ্ডীগড় পুলিশের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, ”মঙ্গলবার ভোর সাড়ে ৩ টে নাগাদ, SCO ২৩, সেক্টর ২৬-এর কাছে একটি বিস্ফোরণের রিপোর্ট করার জন্য একটি কল আসে। পুলিশ কন্ট্রোল রুমের (পিসিআর) গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাস্থল থেকে পাটের দড়ির টুকরো উদ্ধার করা হয়। একটি ফরেন্সিক দলকে ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং তদন্ত চলছে”।
বাবা সিদ্দিকী খুনের পর সলমন খানের কাছে একের পর এক হুমকি আসে। বর্তমানে নিরাপত্তার ঘেরাটোপে রয়েছেন অভিনেতা। এমনকি সম্প্রতি শাহরুখ খানের কাছেও এসেছিলো হুমকি ফোন। এবার বাদশার পানশালার সামনে বোমা বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই আতঙ্ক আরও তীব্র হচ্ছে।






