‘দানা’র দাপটে ক্ষতিগ্রস্ত দিঘা, দ্রুত পুনর্গঠনের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Digha affected by 'Dana', the chief minister ordered for the rapid reconstruction

Truth Of Bengal: ‘দানা’র দাপটে রাজ্যের একাধিক উপকূলবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব মেদিনীপুর। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্র থেকে। ইতিমধ্যে বিপদের আশঙ্কার জন্য পর্যটকদের দিঘা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন দুর্যোগ কেটে গেলে অতি দ্রুত তা পুনর্গঠন করতে হবে। শুক্রবার নবান্নে এক সাংবাদিক বৈঠক করে তিনি জানান, “দিঘায় আজও খুব বৃষ্টি হবে। কাঁথি, রামনগরেও হবে। আগামী ৪৮ ঘণ্টা সতর্ক থাকতে হবে। আর যা যা ক্ষতি হয়েছে, তা দ্রুত মেরামত করে ফেলতে হবে। দিঘায় অনেক পর্যটক যাবে। তাদের নিরাপত্তার দিকে নজর রাখতে হবে।”
উপকূলীয় অঞ্চলে ভালোই রূপ দেখিয়েছে সাইক্লোন ‘দানা’। সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে একাধিক বিপর্যয় মোকাবিলা দল রয়েছে। তারাই প্রতিনিয়ত সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখছেন, প্রয়োজনীয় পদক্ষেপও নিয়েছেন। এমন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পর্যটন ব্যবসায় বিপুল ক্ষতি হয় প্রতিবার, এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবার বিপর্যস্ত এলাকাগুলোতে পুনর্গঠন করে ম্যানগ্রোভ অরণ্য গড়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
‘দানা’র দাপট ক্ষান্ত হওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে এমনই পরামর্শ দেওয়া হয়েছে। শুক্রবার ভারচুয়াল বৈঠকের মাধ্যমে নবান্ন থেকে জেলাশাসককে তিনি বলেন, “দুর্যোগের সময় ঘন ঘন আপডেট দিয়েছেন আপনারা। আমি জেলার পরিস্থিতি সবটাই জানি। প্রশাসনের সব স্তরের অফিসারদের নিয়ে বিপদ মোকাবিলায় যা প্রয়োজন, করবেন। ম্যানগ্রোভ ভালো করে লাগাতে হবে ওখানে। আর দিঘার দিকে বেশি নজর দিতে হবে। ওখানে যে জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, সেটা ঠিক আছে তো? খেয়াল রাখবেন, কোনও ক্ষতি যেন না হয়। আর এখনই NDRF, SDRF কে তুলবেন না। আগামী ৪৮ ঘণ্টা দুর্যোগ চলতে পারে। ওদের কাজে লাগবে।”






