Truth of Bengal:বাংলাদেশে বিদ্যুৎ সংকটের মধ্যেই সরবরাহ কমিয়েছে আদানি গ্রুপ। কয়েক দিন ধরেই চুক্তির তুলনায় কম বিদ্যুৎ যাচ্ছে বাংলাদেশে। বিষয়টি নিয়ে আদানিকে চিঠি দেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং সরবরাহ বাড়ানোর অনুরোধ জানায়।
আদানির তরফে জানানো হয়েছে, রেলপথে যানজট এবং পরিবহন ব্যবস্থায় কিছু সীমাবদ্ধতার কারণে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে প্রয়োজনীয় কয়লা পৌঁছতে সমস্যা হচ্ছে। তার জেরে বিদ্যুৎ উৎপাদন কমেছে। সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে সরবরাহ স্বাভাবিক রাখতে দিনের বেলায় কিছুটা বিদ্যুৎ কম দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থা।
বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের ব্যবধান নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে। এর মধ্যে নেপাল থেকেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় পরিস্থিতি আরও চাপের মুখে বলে দাবি করা হচ্ছে।
এই অবস্থায় বিকল্প উৎস থেকে বিদ্যুৎ আমদানির পরিকল্পনাও করছে ঢাকা। প্রতিবেদনে দাবি, চিন থেকে বিদ্যুৎ কেনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তবে তার খরচ ভারত থেকে আমদানি করা বিদ্যুতের তুলনায় অনেকটাই বেশি হতে পারে।






