রাজ্যের খবর

মুখ্যমন্ত্রীর নামে ঋণের টোপ! প্রতারণার জাল নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করল পুলিশ

রবিবার পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নাম দিয়ে প্রচারিত এই সব ঋণ প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের কোনও সম্পর্ক নেই।

Bangla Jago Desk: খোদ মুখ্যমন্ত্রীর নাম ও ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে ঋণের ভুয়ো বিজ্ঞাপন। এই ধরণের প্রতারণা চক্র থেকে সাধারণ মানুষকে বাঁচাতে বিশেষ সতর্কতা জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ। রবিবার পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নাম দিয়ে প্রচারিত এই সব ঋণ প্রকল্পের সঙ্গে রাজ্য সরকারের কোনও সম্পর্ক নেই।

পুলিশের সাইবার শাখা জানিয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপের মতো প্ল্যাটফর্মে ‘তৎক্ষণাৎ ঋণ’, ‘সিবিল (CIBIL) ছাড়াই লোন’ কিংবা ‘সরকারি অনুমোদিত ঋণ প্রকল্প’-এর মতো চটকদার শিরোনাম দিয়ে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। বিশ্বাসযোগ্যতা বাড়াতে সেখানে মুখ্যমন্ত্রীর ছবিও ব্যবহার করছে জালিয়াতরা। বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীদের আধার কার্ড, প্যান কার্ড বা ওটিপি (OTP)-র মতো ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রসেসিং ফি বা অগ্রিম টাকা নেওয়ার পর প্রতারকরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে।

রাজ্য পুলিশের সোশ্যাল মিডিয়া পোস্টে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই ধরণের কোনও ঋণ প্রকল্পের ঘোষণা করা হয়নি। সরকারি অনুমোদন ছাড়া মুখ্যমন্ত্রীর ছবি ও নাম ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। এই অসাধু চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রতারণার হাত থেকে বাঁচতে পশ্চিমবঙ্গ পুলিশ কয়েকটি জরুরি নির্দেশিকা দিয়েছে-

  • অচেনা লিঙ্কে ক্লিক করে কোনও অ্যাপ ইনস্টল করবেন না।

  • ব্যাঙ্ক ডিটেইলস বা ওটিপি কারও সাথে শেয়ার করবেন না।

  • ঋণের প্রয়োজন হলে শুধুমাত্র অনুমোদিত ব্যাঙ্ক বা সরকারি ওয়েবসাইটের সাহায্য নিন।

যদি কেউ ইতিমধ্যেই এমন প্রতারণার শিকার হয়ে থাকেন, তবে অবিলম্বে জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন নম্বর ১৯৩০-এ ফোন করতে অথবা www.cybercrime.gov.in পোর্টালে অভিযোগ জানাতে অনুরোধ করা হয়েছে। প্রমাণ হিসেবে জালিয়াতির স্ক্রিনশট ও লেনদেনের তথ্য সংরক্ষণ করার পরামর্শও দিচ্ছে প্রশাসন।

Related Articles