মদ নিয়ে কড়া কমিশন! ভোটের সময় কবে বন্ধ থাকবে দোকান?
ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকেই বন্ধ মদের দোকান! কড়া হচ্ছে কমিশন, নিয়ম ভাঙলেই বড় শাস্তির খাঁড়া
Truth of Bengal: ভোটের ময়দানে অশান্তি রুখতে এবার কোমর বেঁধে নামল নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে এবার মদের অবাধ বিক্রিতে কার্যত ‘তালা’ ঝোলাতে চলেছে কমিশন। সোমবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতি দফার ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকেই বন্ধ থাকবে সমস্ত মদের দোকান। শুধু তাই নয়, ৪ মে ফলাফল ঘোষণার দিনও গোটা রাজ্যে জারি থাকবে ‘ড্রাই ডে’ (Dry Day)।
কমিশনের নির্দেশিকা অনুযায়ী, জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৫ (সি) ধারা মেনে ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে থেকে ভোট শেষ হওয়া পর্যন্ত কোনো হোটেল, রেস্তরাঁ বা দোকানে মদ বিক্রি করা যাবে না। আগামী ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার ভোট। ফলে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গের ১৫২টি বিধানসভা এলাকায় ২১ তারিখ থেকেই মদের দোকান বন্ধ হয়ে যাবে। একইভাবে দ্বিতীয় দফার ভোটের ক্ষেত্রেও ২৯ এপ্রিলের আগে থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় মদ বিক্রি নিষিদ্ধ থাকবে।
রাজ্য রাজনীতির ইতিহাসে ভোট পরবর্তী হিংসা বা নির্বাচনী অশান্তির নেপথ্যে অনেক সময়ই মত্ত অবস্থার বিশৃঙ্খলাকে দায়ী করা হয়। একুশের নির্বাচনের পর দক্ষিণ ২৪ পরগনা বা মালদহ-মুর্শিদাবাদের অশান্তির ছবি এখনও জনমানসে টাটকা। চব্বিশের লোকসভা ভোট তুলনামূলক শান্তিপূর্ণ হলেও, বিধানসভা নির্বাচনে বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাইছে না দিল্লির নিরু ভবন। এই নিয়ম ভাঙলে সংশ্লিষ্ট লাইসেন্সপ্রাপ্ত দোকানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
মদ বিক্রিতে ‘রাশ’ টানার পাশাপাশি পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদেরও কড়া বার্তা দিয়েছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তাঁর সাফ কথা, “প্রত্যেক আধিকারিককে শুধুমাত্র কমিশনের নির্দেশ মেনে কাজ করতে হবে। কোনও রাজনৈতিক নেতার কথায় চললে রেয়াত করা হবে না।” অশান্তি রুখতে পুলিশ সুপারদের সরাসরি কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মদের দোকানের ওপর এই কড়াকড়ি আসলে বাংলায় হিংসামুক্ত ভোট করানোর লক্ষ্যেই কমিশনের বড় চাল বলে মনে করা হচ্ছে।






