মানুষের থেকে টাকা তুলে মদ-মাংস খাওয়া হলে দল করার প্রয়োজন নেই, কর্মীদের হুঁশিয়ারি উদয়নের
There is no need to party if you take money from people and eat alcohol and meat, warn the workers

The Truth Of Bengal: মুখ্যমন্ত্রীর সুরে দলের নেতা-কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কোচবিহারের নবনির্বাচিত সাংসদ জগদীশ বর্মা বসুনিয়াকে সংবর্ধনা জানাতে দিনহাটা নৃপেন্দ্র নারায়ণ স্মৃতি সদনে আয়োজিত অনুষ্ঠানে কড়া হুঁশিয়ারি দিয়ে উদয়ন গুহ বলেন, ‘কোথাও যদি শুনি কারও দোকান বন্ধ করে হুমকি দিয়ে টাকা তুলে মদ-মাংস খাওয়া হচ্ছে, তা হলে তার দল করার প্রয়োজন নেই। লোকেদের থেকে টাকা নেবেন, মদ-মাংস খাবেন আর ভুক্তভুগী হবে দল? আপনার দুর্নাম পোহাতে হবে দলকে ও নেতৃত্বকে? এসব করলে তাঁর দল করার দরকার নেই।’
এদিন বক্তব্যে উদয়ন আরও বলেন, ‘লোকসভা ভোটে আমরা জিতলেও কোচবিহার শহর ও দিনহাটা শহরে আমরা হেরেছি। দিনহাটা শহরে হারের জন্য যেমন শহরের কমিটি দায়ী তেমনই আমিও দায়ী। তবে সবথেকে বেশি দায়ী কয়েকজন কাউন্সিলর। যারা এমন ভাবে ভোট করেছেন যেন নিজের ওপর কালি না লাগে। তারা তাদের ওয়ার্ডে মানুষের কাছে এমন ভাবমূর্তি তৈরি করেছেন আমরা জোর করছি না হুমকি দেখাচ্ছি না। ভাল মানুষ সেজেছেন তাঁরা। সেই কারণে আমরা ২ হাজার ভোটে হেরেছি।‘ তিনি আরও বলেন, ‘শুধু দেখতে হবে আগামী পুরসভা নির্বাচনে যারা সাধুর বেশ ধারণ করেছেন তারা কী করে গায়ের জোর না দেখিয়ে ভোটে জেতেন।
এবারের লোকসভা নির্বাচনে কোচবিহারে বিজেপিকে হারিয়ে জিতেছে তৃণমূল। তবে এই জয়ে রয়ে গিয়েছে কিছু কাঁটা। পুরসভা এলাকায় শাসক দলের ফল ভাল হয়নি। জিতলেও কেন পুরসভা এলাকায় তাঁরা ভাল ফল করতে পারেননি, সেই আত্মসমালোচনা করতে দেখা যায় উদয়নকে। এক্ষেত্রে তাঁর পর্যবেক্ষণ, কিছু নেতা ভোটে তেমন গা করেননি। তাই শহর এলাকায় তাঁরা কম ভোট পেয়েছেন। এখান থেকে শিক্ষা নিয়ে আগামী পুরসভা ভোটে ঝাঁপিয়ে পড়তে চান উদয়ন। তাই দলের নেতাদের একাংশের দিকে কড়া হুঁশিয়ারি দিলেন দিনহাটার বিধায়ক।






