রাজ্যের খবর

স্কুলবাড়ির অবস্থা বেহাল,আতঙ্ক সঙ্গী করে পঠনপাঠন,দ্রুত মেরামতের আশ্বাস প্রশাসনের

The condition of the school house is bad

The Truth of Bengal: শিশুরা যেখানে পড়াশোনার উদ্দেশ্যে দিনের কয়েক ঘণ্টা অতিবাহিত করে, সেই প্রাথমিক বিদ্যালয়ের অবস্থাটা বেহাল। বন্যাপ্রবণ এলাকার স্কুলবাড়ির দেওয়ালে ফাটল। বীরভূমের লাভপুরের ঠিবা অঞ্চলের লাঙ্গলহাটা ২ নম্বর প্রাথমিক স্কুলের দেওয়ালে ভাঙন ধরেছে। বিপজ্জনক অবস্থায় থাকা ক্লাসরুমগুলি তালাবন্ধ করে রাখতে হয়। আতঙ্ক মাথায় নিয়ে স্কুল চললেও কবে মেরামত হবে, সেই উত্তর জানা নেই কারও। বিদ্যালয়টির দ্বিতলের কক্ষটি কিছুদিন ব্যবহারের পর থেকেই তালাবন্ধ করে রাখা হলেও, বাকি কক্ষগুলোতেও অল্পবিস্তর ফাটল ধরেছে। স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে চিন্তিত শিক্ষকরা।

এলাকার এই স্কুলে প্রায় ৮০ জন পড়ুয়া পড়াশোনা করে। সেই স্কুলের এমন বেহাল দশার কথা জেনেছে স্থানীয় ব্লক প্রশাসন। এলাকার বিডিও আশ্বাস দিয়েছেন, ইতিমধ্যে স্কুলবাড়ির মেরামতির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। প্রশাসনিক পদক্ষেপে আশার আলো দেখছেন অভিভাবকরা ও পড়ুয়ারা।

একদিকে পঠন পাঠন চললেও বিপজ্জনক ক্লাসরুমগুলি তালাবন্ধ করে রাখা হয়েছে। তাতেও আতঙ্ক তাড়া করছে পড়ুয়াদের। চিন্তায় আছেন শিক্ষকরাও। অবিলম্বে মেরামতের দাবি উঠেছে। ব্লক প্রশাসন মেরামতের আশ্বাস দেওয়ায় কিছুটা স্বস্তি। এখন কবে সংস্কার করে স্কুলটি নিরাপদ করা হবে সেই দিকেই তাকিয়ে সবাই।

Related Articles