সিউড়ি পুরসভায় বাড়ি-ফ্ল্যাট ভাড়ার জন্য পরিচয়পত্র জমার নতুন নির্দেশিকা জারি
Siuri Municipality issues new guidelines for submitting identity cards for renting houses and flats
Truth Of Bengal: পার্থ দাস, বীরভূম: বীরভূমের সিউড়ি পুরসভা নতুন এক নিয়ম ঘোষণা করেছে, যেখানে বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দিতে হলে ভাড়াটিয়াদের পরিচয়পত্র বাধ্যতামূলক জমা দিতে হবে। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জীর নির্দেশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশ মেনে, সিউড়ি পুরসভার অন্তর্গত বাড়ির মালিক এবং ফ্ল্যাট মালিকদের ১৫ দিনের মধ্যে তাদের ভাড়াটিয়াদের ভোটার কার্ড, আধার কার্ডসহ অন্যান্য প্রয়োজনীয় পরিচয়পত্র পুরসভায় জমা দিতে হবে। এই নিয়মের উদ্দেশ্য হলো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তিদের কাছ থেকে ভাড়া নেওয়া বন্ধ করা, যাতে অপরাধমূলক কর্মকাণ্ড কমানো যায়।
অন্যদিকে, দীর্ঘদিন ধরে কিছু বাড়িওয়ালা বা ফ্ল্যাট মালিক পরিচয়পত্র না নিয়ে মোটা অংকের টাকার লোভে যেকোনো ব্যক্তিকে ভাড়া দিয়ে আসছিলেন। ফলে এলাকায় অপরাধের মাত্রা বৃদ্ধি পেতো এবং পুরসভা ও থানার ওপর চাপ পড়ত। নতুন নিয়মে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
সিউড়ির সাধারণ মানুষ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, এর ফলে এলাকায় আইনশৃঙ্খলা ভালো হবে এবং অপরিচিতদের ভাড়া দেয়ার কারণে সৃষ্ট সমস্যাগুলো কমে যাবে। পুরসভা কাউন্সিলরদেরও নির্দেশ দেয়া হয়েছে এই নিয়ম সঠিকভাবে বাস্তবায়ন করতে এবং নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা নিতে। এই নতুন নিয়ম সিউড়ি পুরসভায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।






