রাজ্যের খবর

শিবপুরে তৃণমূল নেতার ফ্ল্যাটের বেসমেন্টে ‘রাজপ্রাসাদ’! তল্লাশিতে চোখ কপালে দুঁদে অফিসারদের

বাইরে সাধারণ ফ্ল্যাট, ভেতরে সাতমহল্লা! শিবপুরের ‘ডন’ শামীমের ডেরায় হানা দিয়ে তাজ্জব পুলিশ

সুমন আদক, হাওড়া: শিবপুরের সংখ্যালঘু অধ্যুষিত এলাকার ত্রাস এবং ৩৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামীমা বানুর স্বামী শামীম আহমেদ ওরফে বড়। দিন কয়েক আগে ভোটের ফল বেরোনোর পর চওড়া বস্তি এলাকায় যে রক্তক্ষয়ী সংঘর্ষ, বোমাবাজি ও গুলি চালানোর ঘটনা ঘটেছিল, তার মাস্টারমাইন্ড হিসেবে নাম উঠে এসেছে এই বড়-র। ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে সে। সোমবার তাঁর খোঁজে শিবপুর থানার পুলিশ ওই এলাকায় বড়-র বাড়িতে তল্লাশি চালাতে গেলে সামনে আসে এক অবিশ্বাস্য দৃশ্য।

বেসমেন্টে গোপন রাজমহল!

পুলিশ তল্লাশি চালিয়ে দেখে, বড়-র বাড়ির বেসমেন্টে বানানো হয়েছে একাধিক বিলাসবহুল ঘর। বাইরে থেকে ফ্ল্যাটটি অত্যন্ত সাধারণ মনে হলেও ভেতরে রয়েছে আধুনিক আসবাবপত্র দিয়ে সাজানো বেডরুম, ড্রয়িং রুম এমনকি কিচেনও। শুধু তাই নয়, গোটা ডেরাটি অত্যাধুনিক ইলেকট্রনিক গেজেট এবং সিসিটিভি ক্যামেরায় মোড়া। পুলিশের তল্লাশিতে উঠে আসা এই গোপন ডেরার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই জেলা রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Truth Of Bengal (@truth_of_bengal)

কে এই শামীম আহমেদ ওরফে বড়?

দীর্ঘদিন ধরেই মধ্য হাওড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূলের ছত্রছায়ায় এলাকায় দাপট বজায় রেখে চলেছে বড়। এলাকায় সে সংখ্যালঘু ডন হিসেবেই পরিচিত। স্থানীয় তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী অরূপ রায়ের ঘনিষ্ঠ হিসেবে তাঁর পরিচয় জেলাজুড়ে সর্বজনবিদিত। বিজেপির অভিযোগ, ভোটের ফল ঘোষণার পর বড়-র মদতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে। উল্লেখ্য, তিন বছর আগে রামনবমীর শোভাযাত্রায় হামলার অভিযোগে এনআইএ-র হাতে গ্রেফতার হয়েছিল এই বড়। কয়েক মাস আগেই সে জামিনে মুক্তি পেয়েছিল।

পুলিশি তৎপরতা ও বর্তমান পরিস্থিতি

বর্তমানে বড় ফেরার থাকলেও হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও গোয়েন্দারা তাঁর খোঁজে হন্যে হয়ে তল্লাশি চালাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই কয়েকজনকে আটক করেছে। চওড়া বস্তি এলাকার অশান্তির মূল হোতাকে গ্রেফতারের দাবিতে সরব হয়েছে মধ্য হাওড়ার বিজেপি নেতৃত্ব। মাটির তলায় এমন বিলাসবহুল জীবনের টাকা কোথা থেকে এল, তা নিয়েও তদন্ত শুরু করেছে পুলিশ। শিবপুর এখন বড়-র গ্রেফতারির অপেক্ষায় প্রহর গুনছে।

Related Articles