গরমে স্বস্তি, দুর্যোগের ভ্রুকুটি! উত্তর থেকে দক্ষিণবঙ্গে জারি বৃষ্টির সতর্কতা
সোমবার দিনের শুরুতে আকাশ মূলত মেঘলা থাকবে।
Truth of Bengal: রাজ্যজুড়ে আজও বজায় থাকছে ঝড়বৃষ্টির আবহাওয়া। গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৭ মে পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরমের দাপট কিছুটা কমে সাধারণ মানুষের স্বস্তি মিলছে।
সোমবার দিনের শুরুতে আকাশ মূলত মেঘলা থাকবে। পরে বিকেল ও সন্ধ্যার দিকে রাজ্যের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।
বর্তমানে পঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা সক্রিয় রয়েছে, যা হরিয়ানা, পূর্ব মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও দক্ষিণ অসম হয়ে বিস্তৃত। পাশাপাশি উত্তর-পূর্ব বাংলাদেশের ওপর একটি ঘূর্ণাবর্তও অবস্থান করছে। এই দুই আবহাওয়াজনিত সিস্টেমের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যার ফলেই ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
আজ সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলির কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় বুধবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এরপর থেকে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির দাপট বজায় থাকবে। আজ মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিংয়ে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে।
আগামী সাত দিনে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির কারণে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকছে, যা এই গরমের মরশুমে বড় স্বস্তির খবর।
রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২.০৮ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.০৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০৭ ডিগ্রি নিচে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ ৯৮ শতাংশ এবং সর্বনিম্ন ৬৪ শতাংশ।





