উচ্চমাধ্যমিকে প্রথম নরেন্দ্রপুরের আদৃত, মেধাতালিকায় প্রথম দশে ৬৪ জন, পাশের হারে সেরা পূর্ব মেদিনীপুর
উচ্চমাধ্যমিকে পাশের হারে নয়া রেকর্ড! ফলাফলে বাজিমাত পূর্ব মেদিনীপুরের
Truth of Bengal: অবশেষে অবসান হল প্রতীক্ষার। বৃহস্পতিবার বিধাননগরে শিক্ষা সংসদের কার্যালয় থেকে প্রকাশিত হল ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবার পাশের হারে নতুন নজির গড়েছে বাংলা। সংসদের সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, এবছর মোট পাশের হার ৯১.২৩ শতাংশ। সেমেস্টার পদ্ধতিতে হওয়া এই প্রথম পরীক্ষায় মেধা তালিকায় ছেলেদের দাপট চোখে পড়ার মতো।
সেরার সেরা আদৃত
এবছর উচ্চমাধ্যমিকে ৪৯৬ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। দ্বিতীয় স্থানে রয়েছেন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র জিষ্ণু কুণ্ডু-সহ আরও তিনজন। মেধাতালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন মোট ৬৪ জন, যার মধ্যে ৫৬ জন ছাত্র এবং ৮ জন ছাত্রী। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে, প্রথম দশে কলকাতার মাত্র ৪ জন ছাত্রছাত্রী জায়গা পেয়েছেন।
জেলায় সেরা পূর্ব মেদিনীপুর
বরাবরের মতো এবারও পাশের হারের নিরিখে জেলাগুলির মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছে পূর্ব মেদিনীপুর। এই জেলা থেকে উত্তীর্ণ হয়েছেন প্রায় ৯৪.১৯ শতাংশ পরীক্ষার্থী। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছর মোট ৬ লক্ষ ৩৫ হাজার ৯৩১ জন পরীক্ষার্থী নাম নথিভুক্ত করেছিলেন, যার মধ্যে পরীক্ষায় বসেছিলেন ৬ লক্ষ ২৬ হাজার ২৫৮ জন। উত্তীর্ণ হয়েছেন ৫ লক্ষ ৭১ হাজার ৩৫৫ জন।
কীভাবে মিলবে রেজাল্ট?
সকাল সাড়ে ১০টায় সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর, বেলা ১১টা থেকে শিক্ষা সংসদের অফিশিয়াল ওয়েবসাইট https://result.wb.gov.in/ থেকে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারছেন পড়ুয়ারা। আজই স্কুলগুলি থেকে আসল মার্কশিট ও শংসাপত্র দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে যাবে বলে জানা গিয়েছে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উভয়েই কৃতী ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন। সেমেস্টার পদ্ধতিতে প্রথম এই ফলপ্রকাশ শিক্ষা সংসদের জন্য একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।






