বারুইপুর তাণ্ডবে গ্রেফতারির সংখ্যা বেড়ে ৪০, রাতভর অভিযানে ধৃত আরও ২২
রাতভর তল্লাশি চালিয়ে আরও ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ
Truth of Bengal: বারুইপুর-কাণ্ডে অশান্তি, ভাঙচুর, পুলিশের উপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ধরপাকড় আরও জোরদার করল পুলিশ। মঙ্গলবার বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছিলেন, আইন হাতে তুলে নেওয়ার ঘটনায় কাউকেই ছাড় দেওয়া হবে না। সেই বার্তার পরই শুরু হয় ধারাবাহিক অভিযান। রাতভর তল্লাশি চালিয়ে আরও ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পুলিশের উপর হামলা, অগ্নিসংযোগ এবং গণপিটুনিতে মৃত্যুর অভিযোগে এই ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বুধবার একই ধরনের অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদে আরও কয়েকজনের নাম উঠে আসে তদন্তকারীদের হাতে। এরপরই রাতভর অভিযান চালিয়ে নতুন করে ২২ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে বারুইপুরের তাণ্ডবের ঘটনায় গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০।
গত রবিবার বারুইপুরে এক নাবালিকার দেহ উদ্ধার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর প্রতিবাদের নামে একাধিক জায়গায় অশান্তি, রাস্তা অবরোধ, পুলিশের উপর হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে অভিযোগ। এমনকী গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগও ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কড়া অবস্থান নেয় প্রশাসন। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, বারুইপুরে মৌলবাদী ও দেশবিরোধী শক্তি সক্রিয় হয়েছে। ভোটে পরাজিত শক্তিরাই উসকানি দিয়ে অশান্তি ছড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, অশান্তির ঘটনায় প্রায় ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে। এরপর থেকেই এলাকায় পুলিশের অভিযান আরও গতি পায়।
অন্যদিকে, বারুইপুর-কাণ্ডে এনকাউন্টারে মৃত অভিযুক্ত প্রভাস মণ্ডলের ময়নাতদন্তের জন্য তিন সদস্যের বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করেছে স্বাস্থ্যদপ্তর। জাতীয় মানবাধিকার কমিশনের নিয়ম মেনেই এই বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন তিনটি সরকারি মেডিক্যাল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্রভাসের দেহ প্রথমে কাঁটাপুকুর মর্গে পাঠানো হলেও পরে কলকাতা মেডিক্যাল কলেজে আনা হয়। ময়নাতদন্তের আগে দেহের ডিজিটাল এক্স-রে করা হয়। গুলি ঠিক কোথায় লেগেছে এবং তার অবস্থান কী, তা জানতেই এই পরীক্ষা করা হয়েছে বলে সূত্রের খবর। এরপর কলকাতা মেডিক্যাল কলেজেই নিয়ম মেনে প্রভাসের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়।





