রাজ্যের খবর

North Barrackpore Hospital: উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে আত্মঘাতী চিকিৎসাধীন রোগী, নিরাপত্তা নিয়ে প্রশ্ন!

তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং সম্প্রতি তাঁর যক্ষ্মা (টিবি) রোগ ধরা পড়েছিল, যার চিকিৎসা চলছিল হাসপাতালে।

রাকেশ চক্রবর্তী, হুগলি: উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক প্রবীণ রোগীর আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে হাসপাতালের শয্যায় ওই রোগীকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান হাসপাতাল কর্তৃপক্ষ। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম নরেন্দ্রনাথ ভুঁইয়া (৭৭)। তাঁর বাড়ি উত্তরপাড়ার চক লেনে। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন এবং সম্প্রতি তাঁর যক্ষ্মা (টিবি) রোগ ধরা পড়েছিল, যার চিকিৎসা চলছিল হাসপাতালে।

হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রোগীর গলায় গামছা জাতীয় কিছু দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। তবে এই ঘটনা প্রসঙ্গে হাসপাতালের সুপার এবং ডেপুটি সুপার কেউই কোনো মন্তব্য করতে রাজি হননি। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন রোগী কীভাবে আত্মহত্যা করতে পারলেন এবং কেন হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি দেখতে পেলেন না—এই প্রশ্ন তুলেছেন হাসপাতালে ভর্তি থাকা অন্যান্য রোগীদের পরিবার। তাঁদের প্রশ্ন, হাসপাতালের নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা কি যথেষ্ট মজবুত ছিল না?

পুলিশ জানিয়েছে, নরেন্দ্রনাথ ভুঁইয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে পাঠানো হবে। একই সঙ্গে, রোগীদের পরিবারের সদস্যরা মনে করছেন, এই ঘটনা কীভাবে ঘটল এবং কারও নজরদারি বা গাফিলতির সুযোগ ছিল কি না, সে বিষয়ে অবিলম্বে তদন্ত হওয়া উচিত।

Related Articles