রাজ্যের খবর

Uttarpara Chandannagar: উত্তরপাড়া থানা এলাকায় ধারাবাহিক চুরিতে আতঙ্ক, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

সূত্রে জানা গিয়েছে, গত দুই থেকে তিন বছরে উত্তরপাড়া থানা এলাকায় ৩০ থেকে ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটেছে।

রাকেশ চক্রবর্তী, হুগলি: শীত জাঁকিয়ে পড়তেই ফের চোরের উপদ্রব বাড়তে শুরু করেছে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত উত্তরপাড়া থানা এলাকায়। ফাঁকা বাড়িকে টার্গেট করে ধারাবাহিক চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত দুই থেকে তিন বছরে উত্তরপাড়া থানা এলাকায় ৩০ থেকে ৫০টিরও বেশি চুরির ঘটনা ঘটেছে। মূলত বাড়ি ফাঁকা থাকলেই সেই সুযোগ কাজে লাগাচ্ছে চোরের দল। বাড়ির পিছনের দিক দিয়ে দরজা ভেঙে ঢুকে আলমারি ভেঙে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

সাম্প্রতিকতম চুরির ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া পৌরসভার অন্তর্গত ৭ নম্বর ওয়ার্ডে। ওই ওয়ার্ডের বাসিন্দা বিশ্বজিৎ সরকারের বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে চোরের দল বাড়ির পিছনের দরজা ভেঙে ভিতরে ঢোকে। অভিযোগ, আলমারি ভেঙে গোটা বাড়ি তছনছ করে বেশ কিছু নগদ টাকা ও মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা।এলাকাবাসীর অভিযোগ, রাতের দিকে পুলিশি টহল সেভাবে চোখে পড়ে না। সেই সুযোগেই চোরেরা বারবার হাতসাফাই করে পালিয়ে যাচ্ছে। যদিও অতীতে উত্তরপাড়া থানার পুলিশ একাধিক চুরির ঘটনার সঙ্গে জড়িত চোরকে গ্রেপ্তার করেছে এবং চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধারও হয়েছে। তবুও চুরির ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ।

স্থানীয়দের একাংশের মত, অতীতে বিভিন্ন এলাকায় ক্লাবগুলির উদ্যোগে রাতপাহারার ব্যবস্থা ছিল। ফের ক্লাব ও সমন্বয় সমিতির মাধ্যমে এলাকায় এলাকায় রাতপাহারার ব্যবস্থা চালু করা হলে চুরি রোখা সম্ভব হতে পারে।অন্যদিকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকার বাসিন্দাদের বারবার সতর্ক করা হচ্ছে। পাকা বাড়ি ফাঁকা রেখে দীর্ঘদিন বাইরে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, বাড়ি ফাঁকা রেখে কোথাও গেলে আগেভাগেই থানায় জানাতে অনুরোধ করা হয়েছে।

 

Related Articles