বাধ সাধল প্রকৃতি, কুয়াশার কারণে তাহেরপুরে নামতে পারল না মোদির হেলিকপ্টার
তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানের কাছে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, যেখানে হেলিকপ্টার অবতরণ করার কথা ছিল।
Truth Of Bengal: শনিবার ঘন কুয়াশার কারণে নরেন্দ্র মোদির হেলিকপ্টার তাহেরপুরে নামতে ব্যর্থ হয়েছে। নিরাপত্তা এবং দৃশ্যমানতার কারণে হেলিকপ্টারটি কলকাতা বিমানবন্দরে ফিরে আসে। সূত্রের খবর, বেলা সাড়ে ১২টার সময় প্রধানমন্ত্রী কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন। এখন তিনি সড়কপথে তাহেরপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
নদিয়ার রানাঘাট লোকসভা কেন্দ্রের তাহেরপুরে শনিবার প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করার কথা ছিল মোদির। সেই জন্য সকাল থেকেই দলীয় নেতা, কর্মী ও সমর্থকরা ময়দানে উপস্থিত হতে শুরু করেছিলেন। তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানের কাছে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল, যেখানে হেলিকপ্টার অবতরণ করার কথা ছিল।
প্রধানমন্ত্রী সকাল ১০:৩৩ মিনিটে কলকাতা বিমানবন্দরে পৌঁছান। রাজ্যের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানান মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং মুখ্যসচিব মনোজ পন্থ। এর পরে হেলিকপ্টারে করে তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। কিন্তু কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় হেলিকপ্টার ফিরতে বাধ্য হয়।
সূত্রের খবর, মোদি এখন সড়কপথে তাহেরপুরে যাচ্ছেন। সেখানে ইতিমধ্যেই রাজ্য বিজেপির শীর্ষ নেতারা রাজনৈতিক মঞ্চে বক্তব্য দিচ্ছেন। প্রধানমন্ত্রী তাহেরপুর থেকে প্রায় ৩২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। পাশাপাশি তিনি রাজনৈতিক সভাতেও বক্তব্য রাখবেন।






