কাকদ্বীপে ভয়াবহ ঘটনা, প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় ৪০ জন
কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েন। ছোট থেকে বড় সকলেই দুর্বল হয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে।
প্রীতম ভান্ডারী, কাকদ্বীপ: পুজোর প্রসাদে বিষক্রিয়া। দক্ষিণ ২৪ পরগনার নামখানা (Namkhana) ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গণেশনগর এলাকায় রাধা অষ্টমীর পুজোকে ঘিরে চাঞ্চল্য। সোমবার রাতে এলাকার এক বাসিন্দার বাড়িতে ধুমধাম করে আয়োজিত হয় পুজো। ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে স্থানীয় বাসিন্দাদের আমন্ত্রণ জানানো হয়।
[আরও পড়ুন: এসএসসি কাণ্ড: ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকায় ভাঙড়ের বিজেপি নেতার ছেলের নাম!]
পুজো শেষে ভক্তদের প্রসাদ হিসেবে পরিবেশন করা হয় লুচি, ঘুগনি ও তালের বড়া। কিন্তু সেই প্রসাদ খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিপত্তি। মঙ্গলবার ভোর থেকে একে একে অনেকের পেটে তীব্র ব্যথা, বমি ও ডায়রিয়ার উপসর্গ দেখা দেয় (Namkhana)। কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৪০ জন অসুস্থ হয়ে পড়েন। ছোট থেকে বড় সকলেই দুর্বল হয়ে পড়ায় আতঙ্ক ছড়ায় গোটা গ্রামে।
FB POST: https://www.facebook.com/share/v/17Q2Tf5WYn/
পরিবার-পরিজনেরা অসুস্থদের দ্রুত কাকদ্বীপ ও দ্বারিকনগর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, প্রসাদের খাবারে জীবাণু সংক্রমণ থেকেই এই ঘটনা ঘটেছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে একাধিক ছোট শিশুও রয়েছে। হঠাৎ এত মানুষ অসুস্থ হয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে প্রসাদে বিষক্রিয়া হল, তা খতিয়ে দেখছে স্বাস্থ্য দফতর। ঘটনার খবর পেয়েছে স্থানীয় প্রশাসনও। গ্রামবাসীদের দাবি, এর আগে কখনও পুজোর প্রসাদ খেয়ে এমন সমস্যা হয়নি। কিন্তু এবারে একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়ায় দুশ্চিন্তা আরও বেড়েছে।পুরো বিষয়টির উপর নজর রাখছে স্থানীয় প্রশাসন। প্রয়োজনে অসুস্থদের অন্যত্র স্থানান্তরের ব্যবস্থা রাখা হচ্ছে। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।






