এসএসসি কাণ্ড: ‘অযোগ্য’ শিক্ষকদের তালিকায় ভাঙড়ের বিজেপি নেতার ছেলের নাম!
২০০ নম্বরে রয়েছে ভাঙড় নারায়নপুর হাই স্কুলের (ওল্ড সাইট) বাংলার শিক্ষক ও বিজেপি নেতার ছেলে অতনু মন্ডল।
ইয়ামুদ্দিন সাহাজী, ভাঙড়: এসএসসির তরফে ‘অযোগ্য’ শিক্ষকদের (SSC Scam) তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে এক বিজেপি নেতার ছেলে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ে ফের রাজনৈতিক চাঞ্চল্য। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) সম্প্রতি যে ১,৮০৪ জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে, তার মধ্যে ২০০ নম্বরে রয়েছে ভাঙড় নারায়নপুর হাই স্কুলের (ওল্ড সাইট) বাংলার শিক্ষক অতনু মন্ডল। তিনি ভাঙড়ের বিজেপি নেতা এবং যাদবপুর সাংগঠনিক জেলার সহ সভাপতি অবনী মন্ডলের ছেলে। আর এই ঘটনা ছড়াতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তরজা।
[আরও পড়ুনঃ Student Murder: নদীয়ার কৃষ্ণনগরে ছাত্রী খুনের ঘটনায় শনাক্তীকরণের টি আই প্যারেড]
জানা গিয়েছে, ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি শিক্ষক (SSC Scam) হিসেবে নারায়নপুর হাই স্কুলে যোগ দিয়েছিলেন অতনু। বাংলার সহ শিক্ষক তিনি। স্কুলের পড়ুয়াদের মধ্যেও যথেষ্ঠ জনপ্রিয় বলে খবর। পড়াশোনার পাশাপাশি স্কুলের বিভিন্ন কাজে সক্রিয় থাকায় তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। তবে কলকাতা হাইকোর্টের নির্দেশে বেতন বন্ধ হয়ে যায়। কিছুদিন সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে বেতন পেলেও, শেষ পর্যন্ত চাকরি খোয়াতে হয় তাঁকে। সেই সময় থেকেই স্কুলে যাচ্ছেন না অতনু, বন্ধ রয়েছে বেতনও।
অতনুর বাবা বিজেপি নেতা অবনী মন্ডল অযোগ্যদের তালিকায় ছেলের নাম থাকার বিষয় মানতে রাজি নন। অতনুর বাবা অবনী মন্ডল বলেন, ‘ আমার ছেলে কতটা প্রতিভাবান, সেটা স্কুলের শিক্ষক-ছাত্রছাত্রীরাই জানে। কারও সঙ্গে আমাদের রাজনৈতিক যোগাযোগ নেই। আমার ছেলে আবারও আইনের দ্বারস্থ হয়েছে।‘ এসএসসি দুর্নীতির মামলায় আগেই শাসকদলের ঘনিষ্ঠদের নাম তালিকায় উঠে আসায় সরব হয়েছিল বিরোধীরা। নেতার ছেলের নাম দাগি-দের তালিকায় থাকায় টা হলেও অস্বস্তিতে যাদবপুর সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব। এবার বিজেপি নেতার ছেলের নাম প্রকাশ্যে আসায় নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
FB POST : https://www.facebook.com/share/p/1AtGi77PoU/
উল্লেখ্য, গত ৩০ জুলাই অযোগ্য ১৮০৬ জনের নামের তালিকা প্রকাশ করেছে এসএসসি (SSC Scam)। এসএসসির প্রকাশিত এই অযোগ্য শিক্ষকদের তালিকা ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। শাসক তৃণমূলের সঙ্গে যুক্ত অনেকের নামই যেমন রয়েছে এই তালিকায় আবার কেউ বিজেপি ঘনিষ্ঠ। অন্যদিকে আগামী ৭ এবং ১৪ সেপ্টেম্বর এসএসসির নিয়োগ পরীক্ষা রয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চের নির্দেশ রয়েছে, ‘অযোগ্য’ প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। এই আবহে সামনে এল এসএসসি অযোগ্যদের তালিকায় এল ভাঙড়ের বিজেপি নেতার ছেলের নাম।






